সংবাদদাতা, বিষ্ণুপুর: খাদ্যদপ্তরে চাকরি দেওয়ার নাম করে নয় লক্ষ টাকা প্রতারণার অভিযোগে শনিবার পাত্রসায়রের বেলুট থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিস। ধৃত কেশব মণ্ডল ওই গ্রামেরই বাসিন্দা। অভিযোগ, সে পাত্রসায়রের কাঁকরডাঙার এক যুবককে চাকরির টোপ দিয়ে আর্থিক প্রতারণা করেছে। এমনকী, টাকা ফেরত চাইলে বাড়িতে চড়াও হয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছে। ধৃতকে জেরা করে ঘটনায় অপর অভিযুক্তকে গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে পুলিস।
Advertisement
অভিযোগ, ২০১৯সালে কাঁকরডাঙার এক বেকার যুবককে খাদ্যদপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধাপে ধাপে ৯ লক্ষ টাকা নেয় কেশব মণ্ডল। প্রতারিত যুবক প্রথমে ডাকযোগে পুরো ঘটনার কথা পুলিসকে জানান। তাতে সুরাহা না হওয়ায় তিনি বিষ্ণুপুর মহকুমা আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে পাত্রসায়র থানায় মামলা রুজু করা হয়। শনিবার পুলিস কেশব মণ্ডলকে গ্রেপ্তার করে।



