সংবাদদাতা, পতিরাম: পতিরাম কলেজের ছাত্রছাত্রীদের উদ্যোগে শুরু হল ফুড ফেস্টিভাল, হ্যান্ডক্রাফট এবং আর্ট এগজিবিশন। মঙ্গলবার ওই অনুষ্ঠানের সূচনা হয় পতিরাম কলেজে। যা বুধবার পর্যন্ত চলবে। সুচনা লগ্নে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিডিও সম্বল ঝা, কলেজের পরিচালন সমিতির সভাপতি মৃণাল সরকার, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেন ভদ্র সহ অন্যান্যরা। কলেজ সূত্রে খবর, ছাত্রছাত্রীদের সারাবছর খাদ্য প্রক্রিয়াকরণ, আর্ট ও হস্তশিল্পের উপরে নানা প্রকার প্রশিক্ষণ দেন অধ্যাপকরা। এবারে ওই কলেজের অধ্যাপক বিশ্বরূপ সাহা, নির্মল দাস এবং মধুরা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রদর্শনী শুরু হয়েছে। কলেজ চত্বরে ১৯টি স্টল বসেছে। সেই স্টলে কেউ খাবার এবং কেউ হস্তশিল্পের উপরে নানা প্রকার সামগ্রী নিয়ে বসেছেন। এমনকী প্রদর্শনীতে কেরিয়ার গঠন এবং কর্মসংস্থানের উপরেও নানা প্রশিক্ষণ চলছে। এবিষয়ে ওই কলেজের অধ্যাপিকা মধুরা বন্দ্যোপাধ্যায় বলেন, পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের অন্য বিষয়ে প্রতিভা খুঁজে আনতেই এই ধরনের এগজিবিশন ও মেলার আয়োজন হয়েছে।



