Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পাথর উঠে রাস্তা বেহাল, তাড়াতাড়ি সংস্কারের দাবি ভুক্তভোগী জনতার

পাথর উঠে রাস্তা বেহাল, তাড়াতাড়ি সংস্কারের দাবি ভুক্তভোগী জনতার
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: এক বছর আগে রাস্তা সংস্কারের নামে পাথরের উপর রোলার চালিয়ে দায় সেরেছিল মুর্শিদাবাদ পুরসভা। পিচ না দেওয়ায় পাথর উঠে ফের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সেই রাস্তা। পাশাপাশি যানবাহন চলাচল করলে ধুলোয় ছেয়ে যাচ্ছে চারিদিক। রাস্তার দু’ দিকের বাড়িঘর, গাছগাছালি এবং ফসল ধুলোয় ধূসরিত হয়ে পড়ছে। ফলে শ্বাসকষ্টে জেরবার হচ্ছেন এলাকাবাসী। বিশেষ করে বয়স্ক ও শিশুদের সমস্যা হচ্ছে বেশি। অথচ বিষয়টি নিয়ে নিশ্চুপ পুরসভা। পুর কর্তৃপক্ষের এই উদাসীনতায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। দ্রুত ওই রাস্তায় পিচের আস্তরণ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। মুর্শিদাবাদ পুরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর বলেন, ফান্ডের জন্য কাজ করা যায়নি। দু’-একদিনের মধ্যে পিচের কাজ শুরু হবে। 
Advertisement
মুর্শিদাবাদ থানার লালবাগ রাজ্য সড়কের রোশনবাগ বিএসএফ ক্যাম্প লাগোয়া নাককাটিতলা থেকে একটি রাস্তা মোতিঝিল হয়ে লালবাগ চলে গিয়েছে। মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লকের অন্যতম গুরুত্বপূর্ণ এই গ্রামীণ সড়কে বছরভর পর্যটকদের গাড়ি চলাচল করে। পর্যটন মরশুমে ওই রাস্তায় প্রতিদিন কয়েকশো গাড়ি চলে। এছাড়াও স্থানীয় বাসিন্দা থেকে লালবাগ মহকুমার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীরাও সহজে লালবাগ যেতে এই রাস্তা ব্যবহার করেন। এই রাস্তার নাককাটিতলা থেকে মোতিঝিল রেল লাইন পর্যন্ত ৫০০ মিটার রাস্তা মুর্শিদাবাদ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের মধ্যে রয়েছে। রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছিল। বছরখানেক আগে মুর্শিদাবাদ পুরসভা ওই রাস্তার উপর পাথর বিছিয়ে রোলার চালায়। কিন্তু অজ্ঞাত কারণে গত এক বছরে ওই রাস্তায় পিচ পড়েনি। স্থানীয় বাসিন্দা বীরেন রায় বলেন, পিচ না দেওয়ায় পাথর উঠে পুরো রাস্তাটাই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কোথাও কোথাও পাথর ফলার মতো উঁচু হয়ে রয়েছে। ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়শই মোটর সাইকেল, সাইকেলের চাকা লিক হয়। রাতের দিকে অন্ধকারে পড়ে গিয়ে আকছার দুর্ঘটনা ঘটছে। অথচ পুরসভার হেলদোল নেই। অপর বাসিন্দা বিজয় রায় বলেন, একবছর ধরে পিচ ছাড়াই চলছে। কবে হবে জানি না। ধুলোয় বাড়িঘর ঢেকে যাচ্ছে। ঘরে থাকা মুশকিল হয়ে পড়ছে। দিনরাত দরজা জানালা বন্ধ করে রাখতে হচ্ছে। মোতিঝিলের বাসিন্দা কলেজ পড়ুয়া নজরুল শেখ বলেন, টিউশনের জন্য ওই রাস্তা দিয়েই আয়েশবাগ যেতে হয়। ওই ৫০০ মিটার পেরতেই দম বন্ধ অবস্থা। সমস্ত শরীর ধুলোয় ভরে যায়। আয়েশবাগের বাসিন্দা সুব্রত নন্দী বলেন, এরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তায় শুধু পাথর দিয়েই দায় সেরেছে পুরসভা। একাধিকবার স্থানীয় কাউন্সিলারের দৃষ্টি আকর্ষণ করেও কোনও লাভ হয়নি। দ্রুত পিচ দেওয়ার উদ্যোগ নিক পুরসভা।
সম্পর্কিত সংবাদ