নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পথকুকুর ও বাঁদরের তাণ্ডবে আতঙ্কিত জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকার বাসিন্দারা। প্রতিদিনই কোথাও না কোথাও পথকুকুরের কামড়ে আক্রান্ত হচ্ছেন মানুষজন। সেই সঙ্গে রয়েছে বাঁদরের বাঁদরামি। জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া এলাকায় বাঁদরের তাণ্ডব মারাত্মক পর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ। ইতিমধ্যেই সেখানে অনেকে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, জলপাইগুড়ি শহরের প্রতিটি ওয়ার্ডেই পথকুকুরদের দাপট রয়েছে। জলপাইগুড়ি মেডিক্যালের তথ্য বলছে, কুকুর, বিড়াল ও বাঁদরের কামড়ে আক্রান্ত হয়ে রোজ চিকিৎসা করাতে এবং জলাতঙ্কের প্রতিষেধক নিতে আসছেন শতাধিক মানুষ। ৭ নভেম্বর জলপাইগুড়ি মেডিক্যালের অবজার্ভেশন ওয়ার্ড থেকে ওই প্রতিষেধক দেওয়া হয় ১৪২ জনকে। তার আগের দিন অর্থাৎ ৬ নভেম্বর ১১৪ জন জলাতঙ্কের প্রতিষেধক নেন। অভিযোগ, পথকুকুরদের দাপট মারাত্মক পর্যায়ে পৌঁছে গেলেও হাতগুটিয়ে রয়েছে পুরসভা। পথকুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে নির্বীজকরণের প্রস্তাব কার্যকর হয়নি। এনিয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল বলেন, শিলিগুড়িতে একটি সংস্থা পথকুকুরদের নির্বীজকরণের কাজ করেছে বলে শুনেছি। এখন বিষয়টি কোন পর্যায়ে আছে, খোঁজ নেওয়া হবে।



