প্রয়াগরাজ ও পাটনা: তীর্থক্ষেত্র প্রয়াগরাজ যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন ছ’জন তীর্থযাত্রী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বারাণসী-প্রয়াগরাজ জাতীয় সড়কে, মির্জামুরাদ এলাকার কাছে। জানা গিয়েছে, শুক্রবার কর্ণাটক থেকে প্রয়াগরাজে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ক্রুজার জিপের সংঘর্ষে ঘটনাস্থলেই ছ’জন প্রাণ হারান। জিপের আরও পাঁচ যাত্রী গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি।
Advertisement
অন্যদিকে, পূর্ণকুম্ভ থেকে ফেরার পথে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ উত্তরপ্রদেশের গাজিপুরে বারাণসী-গোরক্ষপুর হাইওয়েতে ট্রাকে ধাক্কা মারে যাত্রীবাহী একটি গাড়ি। ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়ির চারজন যাত্রী। তাঁদের মধ্যে রয়েছেন পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদবের ভাইঝি সোনি, তাঁর কাকিমা গায়ত্রী দেবী, মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ বিপিন মণ্ডল এবং গাড়িচালক সালাউদ্দিন। ওই গাড়ির আরও এক যাত্রী দীপক ঝা জখম হন। পাশাপাশি, পাটনায় ফেরার পথে আরা-মোহানিয়া জাতীয় সড়কে ভোজপুরের দুলহিনগঞ্জ বাজারে দুর্ঘটনায় প্রাণ হারান ছ’জন যাত্রী।



