সংবাদদাতা, তুফানগঞ্জ: আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে যোগ্য প্রাপকদের। এই অভিযোগ তুলে পথ অবরোধে শামিল হলেন গ্রামবাসীরা। সোমবার বক্সিরহাট থানার শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের কদমতলা এলাকায় তুফানগঞ্জ রসিকবিল রাজ্যসড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলা অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় তুফানগঞ্জ-২ ব্লকের বিডিও এবং পুলিস। পরে বিডিওর আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
Advertisement
অভিযোগ, এলাকার যাঁরা ঘর পাওয়ার দাবিদার তাঁদেরকে বঞ্চিত করা হয়েছে। বিক্ষোভকারী অঞ্জু বিবি, নীলকুমারী রায়’রা বলেন, যাঁরা আগেও ঘর পেয়েছেন কিংবা পাকা বাড়ি রয়েছে, তাঁদের নাম লিস্টে রয়েছে। অথচ যাঁদের ঘরের প্রয়োজন রয়েছে, তাঁরা কেউ ঘর পাননি। গরিব মানুষদের বঞ্চিত করা হয়েছে। এর প্রতিবাদে আমরা অবরোধে শামিল হয়েছি। এ ব্যাপারে তুফানগঞ্জ-২ ব্লকের বিডিও ডালকি লামা বলেন, বিষয়টি ব্লক প্রশাসনের তরফে খতিয়ে দেখা হবে।



