নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে বিশেষ সচেতনতামূলক উদ্যোগ নিল মুর্শিদাবাদ পুলিস জেলার ট্রাফিক ইউনিট। শুক্রবার বহরমপুর গির্জা মোড়ের কাছে ট্রাফিক পুলিসের অফিসে হাজির ছিলেন জেলার পুলিস সুপার সূর্যপ্রতাপ যাদব, অতিরিক্ত পুলিস সুপার(সদর) মাজিদ ইকবাল খান, অতিরিক্ত পুলিস সুপার(লালবাগ) রাসপ্রীত সিং, অতিরিক্ত পুলিস সুপার(ট্রাফিক) সৌম্যজিৎ বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে স্কুল ও কলেজের পড়ুয়ারা ছাড়াও গাড়ির চালকদের শামিল করা হয়। গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজনের কথা তুলে ধরা হয়। পুলিস কর্তারা ট্রাফিক আইন মেনে চলার বার্তা দেন। একজনের হাতে ড্রাইভিং লাইসেন্স তুলে দেওয়া হয়। কয়েকজনকে হেলমেট দেওয়া হয়। পাশাপশি শর্ট ফিল্ম ও ছোট পথ নাটিকার মাধ্যমে সচেতন করা হয়। বহরমপুরে বেশ কয়েকজন ট্রাফিক কর্মী রাস্তায় মানুষের সঙ্গে অকারণে দুর্ব্যবহার করেন বলে এদিন কয়েকজন অভিযোগ তোলেন।
Advertisement
সূর্যপ্রতাপবাবু বলেন, দুর্ঘটনা রুখতে সচেতন করা হল। এক সপ্তাহ ধরে আমাদের ট্রাফিক নিরাপত্তা সচেতনতা শিবির চলল। শেষ দিনে একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করলাম। আগের থেকে আমাদের জেলায় দুর্ঘটনা অনেক কমেছে। কী করে তা আরও কমানো যায়, সেই চেষ্টা চালানো হচ্ছে। শহরের অধিকাংশ গুরুত্বপূর্ণ মোড় সিসি ক্যামরায় মুড়ে ফেলা হয়েছে।



