Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পথ দুর্ঘটনায় জখম হয়ে মাধ্যমিক দিতে পারল না কাশীপুরের ছাত্র

পথ দুর্ঘটনায় জখম হয়ে মাধ্যমিক দিতে পারল না কাশীপুরের ছাত্র
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: পথ দুর্ঘটনায় গুরুতর জখম হওয়ায় কাশীপুর ব্লক এলাকার এক ছাত্র মাধ্যমিক পরীক্ষা দিতে পারল না। দুর্ঘটনায় ওই পরীক্ষার্থী ছাড়াও তার বাবা গুরুতর জখম হয়েছেন। তাঁদের পায়ের হাড় ভেঙে গিয়েছে। বর্তমানে দু’জনেই বাঁকুড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সোনাথলি উচ্চ বিদ্যালয়ের ছাত্র তন্ময় বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তার বাবা বাইকে করে তালাজুড়ি শ্রীমতি হাইস্কুল পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। বাইকে তন্ময়ের এক বন্ধু শুভজিৎ দাস ছিল। যাওয়ার সময় পাহাড়পুরের কাছে হঠাৎ একটি মারুতি ভ্যান তাঁদের বাইকের সামনে চলে আসে। দুর্ঘটনায় তিনজনেই জখম হয়। তাদের উদ্ধার করে গৌরাঙ্গডি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শুভজিতের আঘাত কম থাকায় প্রাথমিক চিকিৎসার পর স্বাস্থ্যকেন্দ্রে বসেই পরীক্ষা দেয় সে। তবে, তন্ময় ও তার বাবার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র বদলি করা হয়। ফলে তন্ময় মঙ্গল ও বুধবার পরীক্ষা দিতে পারেনি। তন্ময়ের বাবা তাপস বন্দ্যোপাধ্যায় ফোনে বলেন, দু’জনের পায়ের হাড় ভেঙে গিয়েছে। অপারেশন করাতে হবে।
অন্যদিকে, ওইদিন পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার পথে বৈশাখী মণ্ডল নামে এক পরীক্ষার্থী বাইক থেকে মাথা ঘুরে পড়ে যায়। তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে শারীরিক অবস্থার উন্নতি হলে সে হাসপাতালে বসে পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। সেই মতো বৈশাখী এদিন হাসপাতালে বসে জীবন বিজ্ঞান পরীক্ষা দেয়। সে মিটাল সহর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। এবছর মধুতটি উচ্চ বিদ্যালয়ে তার পরীক্ষার সেন্টার পড়েছে। 
জেলা মাধ্যমিক পরিদর্শক দলের অন্যতম সদস্য বিবেকানন্দ মণ্ডল বলেন, তন্ময় পরীক্ষা দিতে পারেনি। পর্ষদের তরফ থেকে বৈশাখীর পরীক্ষার জন্য হাসপাতালে সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছিল।
অন্যদিকে, বুধবার পুরুলিয়া জেলার ১০টি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এদিন পুরুলিয়া সহ রঘুনাথপুরের দু’টি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন তিনি। পুরুলিয়া জেলা স্কুল, নেতাজি স্কুল, রাষ্ট্রীয় উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, রঘুনাথপুর গার্লস হাইস্কুল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রামানুজবাবু সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, জেলা প্রশাসন খুব ভালো পরিষেবা দিয়েছে। ছাত্রছাত্রীদের জন্য প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিজে পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। কোথাও কোনও সমস্যা নেই। আগামী বছর যাতে আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য ব্যবস্থা করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ