সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: ট্রাক্টর ও যাত্রীবোঝাই টোটোর মুখোমুখি সংঘর্ষে টোটো উল্টে মৃত্যু হল এক যাত্রীর। সোমবার সকালে ভালুকাগামী রাজ্য সড়কে এই ঘটনাটি ঘটে। টোটো চালক সহ আরও দুই যাত্রী জখম হয়েছেন।
Advertisement
মৃত ব্যক্তির নাম সোহরাব আলি। বাড়ি চাঁচলের বালুয়াঘাটে। আহতরা হলেন টোটোচালক মহম্মদ ফরিজুদ্দিন, দুই যাত্রী খরিয়ত আলি ও ভদ্রসেন দাস। তাঁদের বাড়ি রতুয়া থানা এলাকায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিস। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভালুকা বাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। এদিন সকালে যাত্রীবোঝাই টোটোটি ভালুকা বাসস্ট্যান্ড থেকে মণিপুরের দিকে যাচ্ছিল। ভালুকা বাজার ঢালাই মোড়ের সামনে রাস্তার বাঁক নিয়ে পেট্রল পাম্পে ঢুকছিল ট্রাক্টরটি। অপরদিক থেকে আসছিল টোটোটি। মুখোমুখি সংঘর্ষ এড়াতে টোটোচালক ব্রেক কষেন। তারপরও ট্রাক্টরটিতে সামান্য ধাক্কা লেগে রাস্তায় উল্টে যায় টোটোটি। হরিশ্চন্দ্রপুরপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, চালক ও ট্রাক্টরটির খোঁজ চলছে।



