সংবাদদাতা, রামপুরহাট: লরির ধাক্কায় মৃত্যু হল তারাপীঠ মন্দিরের এক সেবায়তের। শোকস্তব্ধ তারাপীঠ। মৃতের নাম সাহেব চট্টোপাধ্যায়(৪০)। জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ বীরভূমের রামপুরহাট থেকে বাইকে করে তারাপীঠে ফিরছিলেন তিনি। রামপুরহাট থানার গোপালপুরের কাছে উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। লরির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে যান সাহেববাবু। যদিও রাত হয়ে যাওয়ায় ওই এলাকায় তখন কেউ ছিলেন না। রাস্তার ধারেই গুরুতর জখম হয়ে দীর্ঘক্ষণ ধরে পড়েছিলেন তিনি। পরে খবর পেয়ে দমকলের একটি গাড়ি তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করে। যদিও শেষরক্ষা হয়নি সাহেববাবুর। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।