সংবাদদাতা, দুর্গাপুর: পথ দুর্ঘটনায় মৃত্যুর মামলায় ক্ষতিপূরণ বাবদ মৃতের পরিবারের সদস্যদের আড়াই কোটি টাকা দেওয়ার নির্দেশ দিল জাতীয় লোক আদালত। শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে প্রায় ১২বছরের পুরনো ওই মামলার নিষ্পত্তি হয়েছে। স্বাভাবিকভাবেই এই রায়ে মৃতের স্ত্রী সহ পরিবারের লোকজন খুশি।
Advertisement
আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন দেশজুড়ে জাতীয় লোক আদালত হয়েছে। দুর্গাপুর মহকুমা আদালতে পথ দুর্ঘটনায় ক্ষতিপূরণের ১২ বছরের পুরোনো একটি মামলা নিষ্পত্তির জন্য হাজির হন মৃতের পরিবারের লোকজন। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর স্টিল টাউনশিপের বাসিন্দা আশিসকুমার বড়াল(৪২) ওড়িশার একটি বেসরকারি কারখানার প্রজেক্ট ম্যানেজার ছিলেন। কারখানার কাজে বেরিয়ে ২০১২ সালে ওই রাজ্যের ঢেঙ্কানলের বালিমি থানা এলাকায় ৫৫নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় তাঁর মৃত্যু হয়। ঘাতক লরির বিমা সংস্থার বিরুদ্ধে মৃতের পরিবারের লোকজন ক্ষতিপূরণের মামলা দায়ের করেন। তাঁদের আইনজীবী আয়ুব আনসারি বলেন, আশিসবাবুর পরিবার রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থায় ক্ষতিপূরণের অভিযোগ করেছিল। সেইমতো ২০১৩ সাল থেকে মামলা চলছিল। আশিসবাবু যে কারখানায় কর্মরত থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়েছিল সেই কারখানা অন্য এক সংস্থা কিনে নিয়েছিল। ফলে নথিপত্রের জটিলতা শুরু হয়। মামলার নিষ্পত্তি হওয়ার আগেই বার্ধক্যজনিত কারণে আশিসবাবুর বাবার মৃত্যু হয়। এর আগে দুর্গাপুর মহকুমা আদালত ওই পরিবারকে ১ কোটি ৭৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। তা সত্ত্বেও ওই টাকা মেটায়নি বিমা সংস্থা। এদিন দুর্গাপুর মহকুমা আদালতের বিচারক মহম্মদ রফিক আলম সাহেবকে নিয়ে গঠিত জাতীয় লোক আদালতের বেঞ্চ আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়ার নির্দেশ দেন। আগামী এক মাসের মধ্যে সেই টাকা দেবে ওই বিমা সংস্থা। অনাদায়ে ৬ শতাংশ হারে সুদ দেওয়ার নির্দেশ দেন বিচারক।



