সংবাদদাতা, ইসলামপুর: বুকে পিস্তল ঠেকিয়ে এক কাস্টমার সার্ভিস পয়েন্টের (সিএসপি) মালিকের কাছ থেকে ৫ লক্ষ ৩৩ হাজার টাকা ছিনতাই হয়েছে ইসলামপুরের ওলিপুরমোড় এলাকায়। সোমবার বিকেলে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কাচনা এলাকার বাসিন্দা কানাই বিশ্বাস নন্দঝাড় এলাকায় সিএসপি চালান। এদিন বিকেলে সিএসপিতে টাকার প্রয়োজন হয়। কালানাগিন মূল শাখা থেকে টাকা তুলে ফেরার পথে দুষ্কৃতীদের খপ্পরে পড়েন। কানাইবাবুর দাদা বিধান বিশ্বাস ইসলামপুর পঞ্চায়েত সমিতির তৃণমূলের সদস্য। বিধানবাবু বলেন, ভাইয়ের বুকে পিস্তল ঠেকিয়ে ৫ লক্ষ ৩৩ হাজার টাকা ছিনতাই করেছে দুষ্কৃতীরা। পালানোর সময় স্থানীয়রা বাধা দেওয়ার চেষ্টা করলে শূন্যে শুলি চালিয়ে চম্পট দিয়েছে। অতিরিক্ত পুলিস সুপার ডেন্ডুপ শেরপা বলেন, এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে।



