দেদার বিক্রি আইসক্রিম
৭ পৌষের সকাল। ব্রহ্ম উপাসনায় যোগ দিতে যাঁরা সাতসকালে শান্তিনিকেতন এসেছিলেন, তাঁদের গায়ে ছিল চাদর, সোয়েটার। কিন্তু বেলা বাড়তেই কোথায় শীত? ঠান্ডা উধাও। মেলার মাঠ ঘোরার পর অনেকের ঘেমে নেয়ে একাকার অবস্থা। পরিত্রাণ পেতে সোয়েটার কোমরে বেঁধে দর্শনার্থীদের অনেকেই ঢুঁ মারলেন আইসক্রিমের দোকানে। প্রথম দিন বিক্রি মন্দ হয়নি বলে জানালেন বিক্রেতারা।
বন্ধ শৌচাগার, বিপাকে পর্যটকরা
শান্তিনিকেতনের ছাতিমতলায় ব্রহ্ম উপাসনা চলাকালীন বন্ধ ছিল রবীন্দ্র ভবনের শৌচাগার। এতে চরম সমস্যায় পড়েন পর্যটকরা। মূলত, সকাল দশটায় রবীন্দ্র ভবন খুললে শৌচাগারগুলি খোলা হয়। এদিন ছাতিমতলায় উপাসনা শুরু হয় সকাল সাড়ে ৭টায়। স্বভাবতই, পর্যটকরা নির্দিষ্ট সময়ে পৌঁছন। কিন্তু শৌচাগার তালা বন্ধ থাকায় শৌচকর্ম করতে হিমশিম খান মহিলারা সহ পর্যটকরা। চূড়ান্ত অব্যবস্থার জন্য কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। অনুষ্ঠান শেষে অবশ্য শৌচাগারের তালা খুলে দেওয়া হয়। তাতে স্বস্তি পান সকলে।
মিলন মেলা
কর্মজীবন কাটিয়ে প্রাক্তনীরা অবসর জীবনে বিচরণ করছেন। মাঝেমধ্যে রাস্তায় একে অপরের সঙ্গে দেখা হলেও তা খুব অল্প সময়ের জন্য। বয়সজনিত কারণে প্রবীণদের অধিকাংশই কার্যত গৃহবন্দি। তবে এবছর বিশ্বভারতী পেনশনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা আড্ডা দেওয়ার জন্য পৌষমেলায় খুলেছেন স্টল। সেখানে প্রথম দিনেই কার্যত এক টুকরো চাঁদের হাট। পুরনো দিনের স্মৃতিচারণের পাশাপাশি প্রবীণদের অনেকে রবীন্দ্রনাথের গান, কবিতা, গল্প ও আড্ডায় মেতে রইলেন দিনভর।
প্রকাশ্যে ধূমপান
মেলা প্রাঙ্গণে মাইকে বারবার করে পরিবেশ দূষণ নিয়ে সতর্ক করা হলেও কে শোনে কার কথা। মেলায় পর্যটকদের একাংশ প্রকাশ্য ধূমপানে মেতে ছিলেন। চা খাওয়ার পর সুখটান না হলে চলে নাকি, এই ভাবনায় মেলার মাঠে যত্রতত্র সিগারেট, বিড়ি টানতে দেখা গিয়েছে ক্রেতা-বিক্রেতাদের একাংশকে। যদিও প্রকাশ্য ধূমপান করতে দেখা গেলে জরিমানা করা হবে বলে জানিয়েছে মেলা কমিটি।
ফুচকা প্রসাদ
প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে লোভনীয় ফুচকা। অভিনব এই উদ্যোগটি নিয়েছে শান্তিনিকেতনের ইসকন মন্দির। মন্দিরের লোকজন পৌষমেলায় স্টল খুলে প্রসাদ হিসেবে ভক্তদের হাতে তুলে দিলেন তেঁতুল জলে চোবানো অলু-ছোলা ভরা মুচমুচে ফুচকা। তবে এই প্রসাদ খেতে গেলে গাঁটের পয়সা খরচ করতে হবে। ১০ টাকায় চারটি। যদিও তাতে উৎসাহে ভাটা নেই ভক্তদের। স্টলের সামনে দাঁড়ালেই দেখা যাচ্ছে দিনভর টপাটপ মুখ চলতেই থাকছে ফুচকাপ্রেমী ভক্তদের।