সংবাদদাতা, শান্তিনিকেতন: আর কয়েকদিন পরেই শান্তিনিকেতনে শুরু হবে পৌষমেলা। তার জন্য বোলপুর ও শান্তিনিকেতনের প্রায় সমস্ত হোটেলই ভর্তি হয়ে গিয়েছে। পর্যটকদের সম্পর্কে সমস্ত রকম তথ্য রাখা সহ সমস্ত নিয়মকানুন পালন করার কথা জানিয়ে সোমবার হোটেল মালিকদের সঙ্গে বৈঠক করলেন শান্তিনিকেতন থানার পুলিস আধিকারিক ও বোলপুর মহকুমা পুলিস আধিকারিক রিকি আগরওয়াল।
Advertisement
আগামী ২৩ ডিসেম্বর থেকে শান্তিনিকেতনে শুরু পৌষমেলা। মেলা দেখতে দূর দূরান্ত থেকে লক্ষাধিক পর্যটক আসবে শান্তিনিকেতনে। দেখা যায়, হোটেলগুলি রুম বুক করার সময় একদল পর্যটকের একজনের পরিচয়পত্র নেয়। দলের বাকিদের তথ্য রাখে না। ফলে কোনও অপরাধ ঘটে গেলে পুলিসকে বেগ পেতে হয়। হোটেল মালিকদের পৌষমেলা ও পরবর্তী পর্যটন মরশুমে কোন কোন সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে সে সম্পর্কে সচেতন করতে সোমবার শান্তিনিকেতন থানা চত্বরে বৈঠক করল পুলিস। সেখানে বোলপুর ও শান্তিনিকেতন এলাকার সমস্ত হোটেল কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানানো হয়েছে, বুকিং থাকা সকল ব্যক্তির সচিত্র পরিচয়পত্র জমা রাখতে হবে। এছাড়াও বোর্ডারদের জন্য বিভিন্ন ধরনের বিধিনিষেধ রয়েছে, যা তাঁদের মেনে চলতে হবে। কোনও বিদেশি পর্যটক, বিশেষত বাংলাদেশি নাগরিক এলে সেই ব্যাপারে পুলিসকে সমস্ত তথ্য দিতে হবে। এছাড়াও পার্কিং, বোর্ডারদের গাড়ি যাতায়াতের পথ সহ বেশ কিছু নিয়ম রয়েছে যা আগামীতে হোটেল, রিসর্ট মালিকদের জানানো হবে। পৌষমেলা সংক্রান্ত রুট ম্যাপ দ্রুত প্রকাশ করা হবে। স্থানীয় বাসিন্দা ও দূর দূরান্তের পর্যটকদের যাতায়াতে করতে কোনও রকম সমস্যা যাতে না হয়, সে কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হচ্ছে।



