সংবাদদাতা, বর্ধমান: পাসপোর্টের আবেদনে জাল শংসাপত্র জমা দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হুগলি থেকে আরও দু’জনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতদের নাম গণেশ চক্রবর্তী ও অনির্বাণ সামন্ত। হুগলি জেলার সিঙ্গুর থানার নন্দা গ্রামে প্রথমজনের বাড়ি। সিঙ্গুর থানা এলাকাতেই অপরজনের বাড়ি। শুক্রবার রাতে সিঙ্গুর থানার পুলিসকে নিয়ে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিস। ধৃতদের কাছ থেকে জালিয়াতিতে ব্যবহৃত দু’টি মোবাইল, সিমকার্ড ও একটি কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে। চক্রে আরও কয়েকজন জড়িত বলে পুলিসের সন্দেহ। চক্রের জাল বহু দূর বিস্তৃত বলে পুলিসের অনুমান। শনিবার ধৃতদের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। দু’জনকে পাঁচদিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।



