সংবাদদাতা, বর্ধমান: পাসপোর্টের আবেদনে জাল শংসাপত্র জমা দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিস। ধৃতের নাম স্বরূপ রায় ওরফে রানু। তার বাড়ি বর্ধমান শহরের বড়নীলপুর খেলার মাঠ এলাকায়। রবিবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাল শংসাপত্র তৈরিতে তার সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। ধৃতকে সোমবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। জাল শংসাপত্রের উৎসের বিষয়ে বিশদে জানতে এবং চক্রের বাকিদের হদিশ পেতে ধৃতকে সাতদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতকে পাঁচদিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম চন্দা হাসমত।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, পাসপোর্ট পাওয়ার জন্য কয়েকমাস আগে আবেদন করেন শহরের নতুনপল্লির বাসিন্দা রিঙ্কা দাস। পাসপোর্টের আবেদনে তিনি জন্ম শংসাপত্র জমা দেন। সেটি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া বলে আবেদনে উল্লেখ করা হয়। আবেদনটি ভেরিফিকেশনের জন্য বর্ধমান জেলা গোয়েন্দা দপ্তরে পাঠানো হয়। গোয়েন্দা দপ্তর থেকে রিঙ্কাকে অফিসে ডেকে পাঠানো হয়। তিনি অরিজিনাল নথিপত্র নিয়ে গোয়েন্দা দপ্তরে দেখা করেন।



