নিজস্ব প্রতিনিধি, তমলুক: দেনার দায়ে মানসিক অবসাদগ্রস্ত হয়ে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়। মৃতের নাম দুর্লভ সামন্ত(৫৫)। বাড়ি পাঁশকুড়া থানার দক্ষিণ মেচগ্রামে। মঙ্গলবার দুপুরে বাড়ির ভিতর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। সোমবার দুর্লভবাবুর স্ত্রী অচর্নাদেবী বাপেরবাড়ি যান। মঙ্গলবার বাড়ি ফিরে দরজা খুলেই স্বামীর ঝুলন্ত দেহ দেখতে পান। চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন। এরপর পাঁশকুড়া থানার পুলিস এসে দেহটি উদ্ধার করে।
Advertisement
অচর্নাদেবী বলেন, আমাদের ছেলে নানাভাবে দেদার টাকা উড়িয়েছে। এজন্য আমাদের সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান বিক্রি করে দিতে হয়েছে। এছাড়াও বিভিন্ন জনের কাছে টাকা ধার ছিল। সবমিলিয়ে প্রায় ৮০ লক্ষ টাকা বেহিসাবি খরচ করেছে। এনিয়ে আমার স্বামী মানসিক অবসাদে ভুগছিলেন। সোমবার বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে।



