নিজস্ব প্রতিনিধি, তমলুক: সরকারি কাজে ব্যবহৃত রোড রোলারে চাপা পড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হল। মৃতের নাম সুকুমার কর(৬২)। পাঁশকুড়া শহরে ৬নম্বর ওয়ার্ডে তাঁর বাড়ি। রবিবার বেলা সাড়ে ১১টা নাগাদ পাঁশকুড়া থানার জয়কৃষ্ণপুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। পাঁশকুড়া বিডিও অফিস চত্বরে সুকুমারবাবুর চায়ের দোকান আছে। তাঁর ছেলে সমীর কর পাঁশকুড়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। এদিন সুকুমারবাবু মোটরবাইকে চায়ের ভাঁড় কিনে ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, পথশ্রী প্রকল্পের জন্য ওই রোলার আনা হয়েছিল। তাতে চাপা পড়ে ওই চা বিক্রেতার মৃত্যু হয়। রোলারের ব্রেক ফেল করায় ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।



