নিজস্ব প্রতিনিধি, তমলুক: শনিবার পাঁশকুড়া বনমালী কলেজে(স্বশাসিত) দ্বিতীয় সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হল। এই উৎসবের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্তকুমার চক্রবর্তী। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কলেজের অধ্যক্ষ নন্দন ভট্টাচার্য। ছাত্রছাত্রীদের উদ্দেশে দীক্ষান্ত ভাষণ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউজিসি-র পূর্বাঞ্চলীয় দপ্তরের প্রাক্তন সচিব রত্নাবলী বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী, কলেজ পরিচালন কমিটির সদস্য তথা পুরপ্রশাসক বোর্ডের চেয়ারপার্সন নন্দ মিশ্র এবং কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুব্রতকুমার মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement
১৯৬০ সালে ১৪ ডিসেম্বর পাঁশকুড়া বনমালী কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা দিবসে কলেজের দ্বিতীয় সমাবর্তন উৎসব পালিত হল। ২০১৭-’১৮ শিক্ষাবর্ষে ইউজিসি এই কলেজকে স্বশাসিত কলেজের অনুমোদন দেয়। কলেজের অধ্যক্ষ বলেন, ২০২৩ শিক্ষাবর্ষে এই কলেজ থেকে স্নাতক ও স্নাতকোত্তরে পাশ ছাত্রছাত্রীদের শংসাপত্র ও পদক দেওয়া হল। স্নাতকস্তরে ২৫টি এবং স্নাতকোত্তরে ৮টি বিষয়ে পাশ করা প্রায় ১৬১১জন ছাত্রছাত্রীকে শংসাপত্র দেওয়া হয়েছে। প্রত্যেক বিষয়ে প্রথম স্থানাধিকারীকে স্বর্ণপদক ও দ্বিতীয় স্থানাধিকারীকে রৌপ্যপদক প্রদান করা হয়েছে।



