Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাসভাড়া মকুব

পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাসভাড়া মকুব
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, ঘাটাল: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা বাসে উঠলে তাদের ভাড়া দিতে হবে না। এমনই সিদ্ধান্ত নিল পশ্চিম মেদিনীপুর বাস ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের জেলা সহকারী সভাপতি মোহন বাগ বলেন, ২০২৫ সালের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যত দূরেই সিট পড়ুক না কেন তারা যদি বাসে চড়ে সেন্টারে যায় তাহলে কোনও ভাড়া দিতে হবে না।  সেন্টারে যাবার সময় বাসে উঠে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড দেখালেই বাসের কনডাক্টর ভাড়া নেবেন না। বাসকর্মীদের এমনই নির্দেশ দেওয়া হয়েছে। মোহনবাবু বলেন, বাসমালিকরা সারা বছরই নানা ধরনের সমাজসেবামূলক কাজ করে থাকেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ছাত্রছাত্রীদের বিনা ভাড়ায় নিয়ে যাওয়া সমাজসেবারই একটি অঙ্গ।
Advertisement
তবে পরীক্ষার্থীরা বিনা ভাড়ায় যেতে পারলেও তাদের সঙ্গে থাকা অভিভাবকদের পুরো ভাড়াই দিতে হবে। সেজন্য অভিভাবকরা দাবি তুলেছেন, পরীক্ষার্থীদের সঙ্গে একজন করে অভিভাবককেও ভাড়া ছাড় দেওয়া হোক।  অবশ্য মোহনবাবু বলেন, সংগঠন শুধুমাত্র পরীক্ষার্থীদের ভাড়া ছাড় দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে।
এদিন বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেছিল জেলা প্রশাসন। সেখানে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায়, আঞ্চলিক পরিবহণ অফিসার সজল অধিকারী প্রমুখ ছিলেন। বৈঠকে ঠিক হয়েছে, পরীক্ষার দিন রাস্তায় সব বাস থাকবে। প্রধান সড়কে টোটোর দাপাদাপি যাতে না থাকে, সেই আর্জি জানায় বাস মালিক সংগঠন। পরীক্ষার সময় পণ্যবাহী ভারী যানবাহন নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা হয়। এদিন বাস মালিক সংগঠনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের বিনা ভাড়ায় যাতাযাতের সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ