সংবাদদাতা, দাঁতন: আজ, সোমবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে একটি ট্রেলার এবং অ্যাম্বুল্যান্সের সংঘর্ষে মৃত্যু হল একজনের। আহত হয়েছেন আরও ৪ জন। পুলিস সূত্রে খবর, মৃতের নাম ঈশ্বরচন্দ্র সর্দার (৪০)। তাঁর বাড়ি বাঁকুড়ার কোতুলপুর এলাকায়। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকেই আটক করেছে দাঁতন থানার পুলিস।
Advertisement
জানা গিয়েছে, সোমবার চন্দ্রকোনা টাউনের তাতারপুর এলাকা থেকে অ্যাম্বুল্যান্সটি ওড়িশার ভুবনেশ্বরের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু দাঁতন থানার বামনপুকুরের কাছে সেটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রেলারকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুল্যান্স চালকের। আহত হন চারজন। তাঁরা সকলেই চন্দ্রকোনা টাউনের তাতারপুরের বাসিন্দা। তাঁদের উদ্ধার করে প্রথমে দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরে অবস্থার অবনতি হলে তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকার ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে।



