সংবাদদাতা, মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় ১৩০০ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিজস্ব বাড়ি নেই। আবার প্রায় দুশো নিজস্ব বাড়ি ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছে। দুশতাধিক নিজস্ব বাড়ির ভগ্নপ্রায় অবস্থা। কেন্দ্র গুলি চালাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে কর্মীদের। ক্ষোভ দেখা দিচ্ছে বাসিন্দাদেরও। এই পরিস্থিতিতে নিজস্ব বাড়ি তৈরির জন্য জমির সংস্থান শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। কিছু জায়গায় বাড়ি তৈরির কাজও শুরু হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে। বাসিন্দারা বলেন, অনেক জায়গায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এমনই অবস্থা কাজ চালানো কনোও ভাবেই সম্ভব নয়। রান্নায় জায়গার অবস্থাও খুবই খারাপ। এব্যাপারে প্রশাসনের উদ্যোগ নেওয়া উচিত। জেলাপরিষদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তি টুডু বলেন, জেলায় মোট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা ৬৬৩৬। এব মধ্যে ৫২৭৫ টি কেন্দ্রের নিজস্ব বাড়ি আছে। নিজস্ব বাড়ি না থাকায় ৬০৮টি স্কুলে, ৪৪১টি পঞ্চয়েত, কমিউনিটি হল ও ক্লাবে এবং ৩১২টি কেন্দ্র ভাড়া বাড়িতে চলে। প্রায় ২০০ বাড়ি ভেঙে পড়েছে ও দু শতাধিক বাড়ির ভগ্নপ্রায় অবস্থা। নানা ভাবে সংস্কার ও নিজস্ব বাড়ি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। দপ্তরের এক আধিকারিক বলেন, নিজস্ব বাড়ি করার জন্য তিন ডেসিমিল জমির প্রয়োজন। আমরা ব্লক গুলি চিহ্নত করে জমির সংস্থান করছি। ব্লক প্রশাসনকেও জানানো হয়েছে। যেখানে জমি পাওয়া যাচ্ছে প্রকল্প তৈরি করে দপ্তরে পাঠানো হচ্ছে। কিছু বাড়ি তৈরির কাজ শুরু হয়েছে। যেসব বাড়ি ভেঙে গিয়েছে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সেক্ষেত্রেও রাজ্য দপ্তরে প্রকল্প ও ব্যয় বরাদ্দ পাঠানো হচ্ছে।



