নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: একদিন বাদেই মাধ্যমিক পরীক্ষা। এবছর পশ্চিম মেদিনীপুর থেকে ৫২ হাজার ৮৯২ জন মাধ্যমিক পরীক্ষা দেবে। তার মধ্যে ছাত্রের সংখ্যা ২৪ হাজার ৬৬৭ ও ছাত্রীর সংখ্যা ২৮ হাজার ২১৬। এবছর জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে বলে জানা গিয়েছে। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে জেলাজুড়ে থাকছে একাধিক কন্ট্রোল রুম। সেই কন্ট্রোল রুমে ফোন করে তাদের সমস্যার সমাধান করতে পারবে পরীক্ষার্থীরা। প্রশাসনের আধিকারিকরা জানাচ্ছেন, জেলার বিভিন্ন প্রান্তে হাতি ঘুরে বেড়াচ্ছে। সেই সমস্ত এলাকায় বিশেষ সতর্কতামূলক পদক্ষেপ করা হবে। এছাড়া প্রতিটি পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরার ব্যবস্থা। পরীক্ষার্থীদের মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি সহ ইলেকট্রনিক সামগ্রী ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে।
Advertisement
এদিন জেলাশাসক খুরশিদ আলি কাদরি বলেন, মাধ্যমিক পরীক্ষার জন্য প্রশাসন সবদিক থেকে প্রস্তুত। ছাত্রছাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, সেদিকে নজর দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থাও থাকছে। কিছু ছাত্রছাত্রীর অ্যাডমিট কার্ড সংক্রান্ত সমস্যা হয়েছিল। দ্রুততার সঙ্গে সেই সমস্যার সমাধান করা হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবারের মাধ্যমিক পরীক্ষায় মোট ১২২টি সেন্টার থাকছে। তার মধ্যে ‘মেইন ভেনু’ ৭৩টি ও ‘অ্যাডিশনাল ভেনু’ ৪৯টি। মাধ্যমিক পরীক্ষার জন্য শহর এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকাতেও মাইক, লাউড স্পিকার বাজানো, শব্দবাজির ব্যবহার একেবারে নিষেধ করা হয়েছে। সরকারি নিয়ম অমান্য করলেই আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। অপরদিকে, পরীক্ষার সময় মেদিনীপুর সহ জেলার বেশকিছু শহরে যানজটের সমস্যা এড়াতেও বিশেষ বৈঠক করা হয়েছে। সেই বৈঠকে যানজটের সমস্যা, দুর্ঘটনা এড়াতে বেশি সংখ্যায় ট্রাফিক পুলিসের উপস্থিতি সহ একাধিক বিষয়ে পদক্ষেপের বার্তা দিয়েছে প্রশাসন। অপরদিকে, জঙ্গল লাগোয়া এলাকায় হাতির সমস্যার জন্য বেশি সংখ্যায় হুলা পার্টি রাখা হচ্ছে। প্রশাসনের এক আধিকারিক বলেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্র ও তার সংলগ্ন রাস্তায় নিরাপত্তার ব্যবস্থা থাকবে। বেশকিছু এলাকাকে সাইলেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত বছরের চেয়ে এবছর প্রায় ১ হাজার ৬০০ জন পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এদিকে বেশকিছু পরিবহণ সংগঠনের তরফে পরীক্ষার্থীদের বাস ভাড়া মুকুব করার কথা ঘোষণা করা হয়েছে। মেদিনীপুর মহকুমার কন্ট্রোল রুমের নম্বর ০৩২২২-২৭৫৩৩০, ৭৬৭৯১৮৯৯৮১, খড়গপুর মহকুমার কন্ট্রোল রুমের নম্বর ০৩২২২-২২৫৩৪৫ ও ঘাটাল মহকুমার কন্ট্রোল রুমের নম্বর ৮৩৪৮৬৯১৭৩২। মেদিনীপুর শহরের বাসিন্দা অসীম পাত্র বলেন, যানজটের সমস্যা রয়েছে। তবে প্রতিবছর প্রচুর পুলিস থাকে। আশা করছি নির্বিঘ্নে পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা।



