নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: রবিবার পশ্চিম মেদিনীপুর জেলায় জলস্বপ্ন প্রকল্প নিয়ে বিশেষ বৈঠক হল। জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভারানি মাইতি সহ প্রশাসনের উচ্চপদস্থ অধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই বৈঠক থেকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী তিন মাসের মধ্যে একশো শতাংশ পাম্প হাউসের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এই কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত এজেন্সির পারফরম্যান্স খারাপ, তাদের সতর্ক করার পাশাপাশি কাজের গতি বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ২০২১ সালে জলস্বপ্ন প্রকল্পের আওতায় ছিলেন জেলার ৬ শতাংশ মানুষ। বর্তমানে সেটা বেড়ে হয়েছে ৪৩ শতাংশ। জানা গিয়েছে, ট্যাপ সংযোগের অবস্থা ১০ হাজার ছিল। বর্তমানে সেই সংখ্যা ৩ লক্ষ ৯৭ হাজারে পৌঁছেছে। বর্তমানে বেড়েছে পাম্প হাউসের সংখ্যাও। ২০২১ সালে পাম্প হাউসের সংখ্যা ছিল ১০টি। বর্তমানে ৩৮৫টি পাম্প হাউস আছে বলে জানা গিয়েছে।



