Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঠান্ডা কমবে

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঠান্ডা কমবে
  • ৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিম হিমালয় এলাকায় যে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে তার পরোক্ষ প্রভাব পড়বে রাজ্যে। জানাচ্ছেন আবহাওয়াবিদরা। শীতকালে ঝঞ্ঝা সৃষ্টি হলে উত্তুরে হাওয়া সাময়িকভাবে দুর্বল হয়ে যায়। তাতে তাপমাত্রা বাড়ে। আগামী সপ্তাহের গোড়ায় ঝঞ্ঝার জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়বে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা এইচ আর বিশ্বাস জানান, আগামী সোম-মঙ্গলবার পশ্চিমাঞ্চলের জেলাগুলির কোথাও কোথাও হাল্কা ধরনের বৃষ্টি হতে পারে। তবে  চলতি সপ্তাহের শেষ দিনগুলিতে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও কিছুটা কমবে বলে আবহাওয়াবিদরা আশা করছেন। বৃহস্পতিবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা অল্প কমেছে। কিন্তু পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বেশ কনকনে শীত পড়েছে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। বীরভূম, বাঁকুড়া ও  বর্ধমান জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির আশপাশে ছিল। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির মধ্যে থাকলেও দমদমে তা ১৬ ডিগ্রিতে নেমেছে। পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে ফের উত্তুরে হাওয়া সক্রিয় হয়ে তাপমাত্রা কমবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ