সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার-২ ব্লকের মহাকালগুড়ি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম চেপানি গ্রামে চিতাবাঘের আতঙ্ক ছড়াল। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে ওই এলাকায় একটি চিতবাঘের আনাগোনা হচ্ছে। স্থানীয়রা এমন কথাই জানিয়েছেন। সঙ্গে কয়েকটি শাবকও আছে বাসিন্দাদের দাবি। তাঁরা বলছেন, এলাকায় চিতাবাঘের পায়ের ছাপও মিলেছে। ওই এলাকা থেকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বাকলার জঙ্গলের দূরত্ব ১০ কিমি। খবর পেয়েই বনদপ্তরের কর্মীরা আসেন। বনকর্মীরা এলাকায় ওই পায়ের ছাপ পরীক্ষা করে দেখেন। বনদপ্তরের দাবি, ওই এলাকায় চিতাবাঘের পায়ের ছাপ মেলেনি। তবে যেহেতু চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে, সেজন্য বনদপ্তর ঝুঁকি নিতে নারাজ। বৃহস্পতিবার রাতেই চিতাবাঘ ধরতে বনদপ্তর খাঁচা বসিয়েছে। একটি ট্র্যাপ ক্যামেরাও বসানো হয়েছে।
Advertisement
স্থানীয় বাসিন্দা অর্জুন দাস বলেন, এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে। বনদপ্তর খাঁচা ও ট্র্যাপ ক্যামেরা বসিয়েছে। চিতাবাঘটি শাবক নিয়ে ঘুরছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব ডিভিশনের উপক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মা বলেন, বৃহস্পতিবার রাতে একটি খাঁচা ও একটি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। শুক্রবার আরও দুটি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। ওই এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।



