Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পশ্চিম বর্ধমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে পর্ষদ সভাপতি

পশ্চিম বর্ধমানের পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে পর্ষদ সভাপতি
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার মাধ্যমিকের ১৩টি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সেন্টার সুপারভাইজারদের সঙ্গে কথা বলার পাশাপাশি অভিভাবকদের সঙ্গেও কথা বলেন তিনি। তাঁকে সামনে পেয়ে বারাবনি ব্লকের পাঁচগাছিয়ায় অভিভাবকরা অঙ্কের প্রশ্ন কঠিন হওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেন। তিনি এদিন কন্যাপুর থেকে আসানসোল চেলিডাঙার মণিমালা গার্লস স্কুল, রানিগঞ্জ হাইস্কুল, গোপালমাঠ হাইস্কুল, দুর্গাপুরের ভিড়িঙ্গি টিএম হাইস্কুল, নেপালিপাড়া হাইস্কুল সহ ১৩টি স্কুল পরিদর্শন করে জেলার পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বিভিন্ন সামাজিক প্রকল্পের জন্য আগের চেয়ে পড়ুয়া বেড়েছে। ছাত্রীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যেসব ছাত্রী পরীক্ষায় অনুপস্থিত থাকছে তার কারণও খতিয়ে দেখার আশ্বাস দেন পর্ষদ সভাপতি। তিনি আরও বলেন, এবারই আমরা চারটি সেটে প্রশ্নপত্র তৈরি করেছি। সময়মতো পরীক্ষার ফল প্রকাশ করতে আমরা বদ্ধপরিকর। 
Advertisement
এদিনই ছিল মাধ্যমিকের মূল বিষয়গুলির শেষ পরীক্ষা। তাই পরীক্ষা শেষ হতেই পড়ুয়াদের আবির খেলতে দেখা যায়। জামার উপর বন্ধুদের সই সংগ্রহ করতেও দেখা যায় পড়ুয়াদের মধ্যে। যদিও এদিন সকালে পরীক্ষাকেন্দ্রগুলিতে যথেষ্টই উদ্বেগ ছিল। জেলাজুড়ে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া চলছিল। বেশকিছু পরীক্ষাকেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট হয়। প্রশাসনিক তৎপরতায় দ্রুত তা কাটিয়ে ওঠা সম্ভব হয়। মাধ্যমিকের জেলা কনভেনর রাজীব মুখোপাধ্যায় বলেন, পাঁচটি স্কুলে বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল। তবে পরীক্ষার আগেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার ব্যবস্থা করে প্রশাসন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ