নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বুধবার পশ্চিম বর্ধমানে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পদের একটি তালিকা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। এদিন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর সই করা একটি দলীয় পদের তালিকা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। সেখানে বিভিন্ন বিধানসভায় ভোটার তালিকার কাজ করার জন্য বিভিন্ন নেতাকে অবজার্ভার হিসেবে উল্লেখ করা হয়। কিন্তু অনেকে এই তালিকাকে ‘বিধানসভার অবজার্ভার’ হিসেবে প্রচার শুরু করেন। এই অবস্থায় দুপুরে দলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিভ্রান্তি দূর করেন। তিনি বলেন, কিছু কিছু মাধ্যম থেকে প্রচার করা হচ্ছে তাঁরা বিধানসভা কেন্দ্রের অবজার্ভার। যা ঠিক নয়, এধরনের কোনও অবজার্ভার করা হলে দলের শীর্ষ নেতৃত্ব থেকে ঘোষণা করা হয়। এটা শুধুমাত্র ভোটার তালিকার কাজ দেখার জন্য অবজার্ভার। যদিও বুধবার সন্ধ্যায় সেই তালিকার আবার সংশোধিত রূপ প্রকাশ্যে আনা হয়। যেখানে থেকে বিধানসভা ভিত্তিক ভোটার তালিকা দেখার জন্য যে তালিকা প্রকাশ করা হয় সেখানে অবজার্ভার শব্দটি বাদ দেওয়া হয়।



