নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কুষ্ঠ রোগের চিকিৎসা আরও উন্নত করতে তৎপর হল আসানসোল মাইন্স বোর্ড অফ হেল্থ। শুক্রবার মাইন্স বোর্ড অফ হেল্থের বাজেট পেশ হয়। এই উপলক্ষ্যে সংস্থার অফিসে হাজির হয়েছিলেন জেলাশাসক পোন্নমবলম এস, মেয়র বিধান উপাধ্যায়, মাইন্স বোর্ড অফ হেল্থের চেয়ারম্যান নরেন্দ্রনাথ চক্রবর্তী। এবারের বাজেটে কুষ্ঠ ক্লিনিকগুলিকে ঢেলে সাজানোর প্রস্তাব গ্রহণ করা হয়েছে। পরিসংখ্যান থেকে ধরা পড়েছিল কুষ্ঠ আক্রান্তের সংখ্যা বাড়ছে পশ্চিম বর্ধমান জেলায়। এই পরিস্থিতেতে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
Advertisement
পাশাপাশি মাইন্স বোর্ডের অধীনে থাকা ফাঁকা জমিগুলি ব্যবহারের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জামুড়িয়া থানার চাঁদামোড়ে ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে মাইন্স বোর্ডের একটি বড় জমি রয়েছে। এখানে পিপিপি মডেলে হাসপাতাল গড়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। মাইনস বোর্ড অফ হেল্থের চেয়ারম্যান নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, কুষ্ঠ ক্লিনিক ঢেলে সাজানো ও হাসপাতাল গড়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।



