Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পশ্চিম বর্ধমানে কর্মশ্রী প্রকল্পে কাজ পেলেন ২৪ হাজারের বেশি জবকার্ডধারী

পশ্চিম বর্ধমানে কর্মশ্রী প্রকল্পে কাজ পেলেন ২৪ হাজারের বেশি জবকার্ডধারী
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: ‘কর্মশ্রী’ প্রকল্পে নজরকাড়া সাফল্য পেল পশ্চিম বর্ধমান জেলা। এই জেলায় চলতি অর্থবর্ষে ২৪২৬৪জন জবকার্ড হোল্ডার কাজ পেয়েছেন। গড় কাজ হয়েছে ৫৩দিন। মোট ২০ কোটি ৯ লক্ষ ৩৬ হাজার টাকা মজুরি দেওয়া হয়েছে।
Advertisement
বাংলায় ১০০দিনের কাজের প্রকল্প তিন বছর ধরে বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। এতে জবকার্ড হোল্ডাররা সমস্যায় পড়েছিলেন। এই পরিস্থিতিতে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে জবকার্ড হোল্ডারদের কাজ দিচ্ছে রাজ্য সরকার। পশ্চিম বর্ধমানের মতো ছোট জেলায় এই প্রকল্প যথেষ্ট সাফল্য পেয়েছে।  বিভিন্ন সরকারি দপ্তরই এই প্রকল্পের মাধ্যমে জবকার্ডধারীদের কাজ দিয়েছে। পঞ্চায়েত ও গ্রামীণ বিকাশ দপ্তরে সবচেয়ে বেশি কাজ হয়েছে। জেলা পরিষদ সহ অন্য‌ দপ্তরের কাজও পেয়েছেন জবকার্ডধারীরা।
পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, কেন্দ্রীয় সরকার অন্যায়ভাবে বাংলার মানুষকে বঞ্চনা করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে গরিব মানুষের প্রতি কেন্দ্রীয় সরকারের আঘাত যতটা সম্ভব লাঘব করার চেষ্টা করছেন। তিনি নির্দেশ দিয়েছিলেন, কমপক্ষে ৫০দিনের কাজ নিশ্চিত করতে হবে। এখন রাজ্যে গড়ে প্রায় ৫৪ দিনের কাজ দেওয়া সম্ভব হয়েছে।
অনুর্বর পশ্চিম বর্ধমান জেলায় খনিজ সম্পদ রয়েছে। এই খনিজ সম্পদ উত্তোলন ও কারবার করে জেলার একটি অংশ ধনী হয়েছে। কিন্তু জেলার অপর অংশ চূড়ান্ত দরিদ্র। ১০০দিনের কাজই সেই হাজার হাজার গরিব মানুষের ভরসা ছিল। ১০০দিনের কাজে বিভিন্ন জায়গায় বাগান, পুকুর কাটার কাজ হচ্ছিল। গ্রামে স্থায়ী সম্পদও সৃষ্টি হয়েছিল। কিন্তু শেষ তিনবছর প্রকল্পের জন্য কোনও টাকা বরাদ্দ করেনি কেন্দ্রীয় সরকার। বারবার দরবার করেও প্রকল্প ফের শুরু না হওয়ায় জবকার্ডধারীদের অন্নসংস্থানের জন্য কর্মশ্রী প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের প্রতিটি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়, কাজে জবকার্ডধারীদের অগ্রাধিকার দিতে হবে। এরপরই বিভিন্ন দপ্তরে দিনমজুর হিসেবে কাজ পেতে থাকেন জবকার্ডধারীরা। পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে সেই সাফল্য চোখে পড়ার মতো।
সম্পর্কিত সংবাদ