Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

আজ ক্লাব বিশ্বকাপে পিএসজি’র প্রতিপক্ষ ইন্তার মায়ামি, মেসিকে শান্ত রাখাই চ্যালেঞ্জ এনরিকের

সালটা ২০১৫। ক্লাব ইতিহাসে দ্বিতীয়বারের জন্য ত্রিমুকুট জয়ের স্বাদ পায় বার্সেলোনা।

আজ ক্লাব বিশ্বকাপে পিএসজি’র প্রতিপক্ষ ইন্তার মায়ামি, মেসিকে শান্ত রাখাই চ্যালেঞ্জ এনরিকের
  • ২৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আটলান্টা: সালটা ২০১৫। ক্লাব ইতিহাসে দ্বিতীয়বারের জন্য ত্রিমুকুট জয়ের স্বাদ পায় বার্সেলোনা। সেবার কোচ লুই এনরিকের অন্যতম প্রিয় পাত্র ছিলেন লিও মেসি। আর্জেন্তাইন মহাতারকার বাঁপায়ের জাদুতে একের পর বাধা টপকে লা লিগা, কোপা ডেল রে, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ জেতে কাতালন ক্লাবটি। দীর্ঘ এক দশক পর ফের এই আসরে দেখা হচ্ছে গুরু-শিষ্যের। তবে প্রতিদ্বন্দ্বিতার মেজাজে। বর্তমানে পিএসজি’র দায়িত্বে অভিজ্ঞ এই স্প্যানিশ কোচ। আর মেসি খেলছেন ইন্তার মায়ামির হয়ে। তাই রবিবার আটলান্টার মার্সেডিজ বেঞ্জ-স্টেডিয়ামে প্রাক্তন ছাত্রকে শান্ত রাখাই চ্যালেঞ্জ এনরিকের। পক্ষান্তরে, বার্সেলোনা ছেড়ে দু’বছরের জন্য পিএসজি’র জার্সি গায়ে চাপিয়েছিলেন মেসি। তবে প্যারিসের ক্লাবটিকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে ব্যর্থ এলএমটেন। পিএসজি সমর্থকদের বিদ্রুপের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। তাই রবিবার ক্লাব বিশ্বকাপের আসরে বঞ্চনার জবাব দিতে মুখিয়ে থাকবেন বাঁপায়ের জাদুকর।
ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে ইন্তার মায়ামি। পোর্তোর বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও মেসি-ম্যাজিকে ভর করে জয় ছিনিয়ে নেয় আমেরিকার ক্লাবটি। অন্য দু’টি ম্যাচে ড্রয়ের সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। নক-আউট পর্বে অবশ্য দলের পারফরম্যান্সে উন্নতি করাই লক্ষ্য কোচ হাভিয়ের মাসচেরানোর। বিশেষত রক্ষণের দুর্বলতা ঢাকাই বড় চ্যালেঞ্জ তাঁর সামনে। একইসঙ্গে আপফ্রন্টে মেসিকে সাহায্য করতে বাকিদের আরও দায়িত্ব নিতে হবে মত প্রাক্তন এই আর্জেন্তাইন মিডিওর। চলতি টুর্নামেন্টে ইতিমধ্যেই একটি হারের স্বাদ পেয়েছে পিএসজি। তাই প্যারিসের ক্লাবটির দুর্বল জায়গায় ঘা দিতে চাইবেন মেসি-সুয়ারেজরা।
কোচ লুই এনরিকের প্রশিক্ষণে চলতি মরশুমে স্বপ্নের ফর্মে রয়েছে পিএসজি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান, ফরাসি কাপ ঘরে তোলে তারা। এবার ক্লাব বিশ্বকাপে সেই সাফল্যের ধারা বজায় রেখে ট্রফি ক্যাবিনেট আরও সুসজ্জিত করাই লক্ষ্য দলের কর্ণধার নাসের আল খেলাফির। দিনের অপর ম্যাচে ফ্ল্যামেঙ্গোর মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। চলতি ক্লাব বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে ব্রাজিলের দলটি। গ্রুপ পর্বে চেলসিকে ৩-১ গোলে বশ মানায় তারা। তবে বায়ার্নের বিরুদ্ধে লড়াইটা মোটেই সহজ হবে না। হ্যারি কেনরা অবশ্য বেনফিকার কাছে শেষ ম্যাচে হারের মুখ দেখেছে। তাই তাদের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি ফ্ল্যামেঙ্গো।

Advertisement

 

আজ ক্লাব বিশ্বকাপে

ইন্তার মায়ামি : পিএসজি (রাত ৯-৩০ মিনিটে)
ফ্ল্যামেঙ্গো : বায়ার্ন মিউনিখ (রাত ১-৩০ মিনিটে)

Advertisement
সম্পর্কিত সংবাদ