প্যারিস: লুইস এনরিকের কোচিংয়ে পিএসজি যেন অশ্বমেধের ঘোড়া। ছয় ম্যাচ বাকি থাকতেই লিগ ওয়ানের খেতাব নিশ্চিত করেছিলেন ওসুমানে ডেম্বেলেরা। শনিবার ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে শেষ ম্যাচ জিতেই বিজয়োৎসব সারলেন তাঁরা। শুরুতে পিছিয়ে পড়েও অক্সেরেকে ৩-১ ব্যবধানে হারিয়েছে পিএসজি। জোড়া গোলে ম্যাচের নায়ক খচিভা কোয়ারাটসখেলিয়া। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন মার্কুনস। অক্সেরের একমাত্র গোলটি লাসিনের। ৩৪ ম্যাচে ৮৪ পয়েন্ট নিয়ে ঘরোয়া লিগ শেষ করল পিএসজি। তবে লিগ খেতাবেই সন্তুষ্ট হতে চান না কোচ এনরিকে। তাঁর পাখির চোখ এখন চ্যাম্পিয়ন্স লিগ। আগামী ১ জুন ইউরোপ সেরার ফাইনালে ইন্তার মিলানের মুখোমুখি হবে পিএসজি।
দলকে পরবর্তী লক্ষ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে এনরিকের উক্তি, ‘ছেলেদের বলেছি, লিগ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ অবশ্যই করবে। তবে আত্মতুষ্টির জায়গা নেই। ভুলে যেও না, সামনে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল রয়েছে।’ কোচ ভুল কিছু বলেননি। লিগ ওয়ানের খেতাব তো হামেশাই জেতে পিএসজি। এই নিয়ে টানা চারবার ও সবমিলিয়ে ১৩ বার ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হয়েছে তারা। কিন্তু প্যারিসের ক্লাবটির ক্যাবিনেটে এখনও চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি নেই। সেই অধরা মাধুরী লাভের লক্ষ্যে এমবাপে, নেইমার, মেসিকে পর্যন্ত সই করিয়েছিল তারা। কিন্তু স্বপ্ন অধরাই থেকে যায়। তবে ২০২৩ সালে কোচ লুইস এনরিকে দায়িত্ব নিয়ে পিএসজিকে বদলে দিয়েছেন। বড় তারকার পিছনে না ছুটে টিম গেমে জোর দিয়েছেন। এখন পিএসজির বড় তারকা বলতে ডেম্বেলে। কিন্তু কোচের মগজাস্ত্র ও টিম গেমেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছে প্যারিসের ক্লাবটি।