Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

টানা দ্বিতীয়বার ফাইনালে চোখ পিএসজি’র, প্রত্যাবর্তনের আশায় বায়ার্ন মিউনিখ

অ্যালায়েঞ্জ এরিনা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে একাধিক প্রত্যাবর্তনের সাক্ষী এই ঐতিহাসিক মাঠ। ২০১৫-১৬ মরশুমে জুভেন্তাসের বিরুদ্ধে শুরুতে দু’গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতে মাঠ ছেড়েছিল বায়ার্ন মিউনিখ।

টানা দ্বিতীয়বার ফাইনালে চোখ পিএসজি’র, প্রত্যাবর্তনের আশায় বায়ার্ন মিউনিখ
  • ৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মিউনিখ: অ্যালায়েঞ্জ এরিনা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে একাধিক প্রত্যাবর্তনের সাক্ষী এই ঐতিহাসিক মাঠ। ২০১৫-১৬ মরশুমে জুভেন্তাসের বিরুদ্ধে শুরুতে দু’গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতে মাঠ ছেড়েছিল বায়ার্ন মিউনিখ। শুধু তাই নয়, তার এক মরশুম আগে পোর্তোর বিরুদ্ধে প্রথম লেগে ১-৩ গোলে হারের ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে ৬-১ ব্যবধানে জিতে পরের রাউন্ডের টিকিট পাকা করে মিউনিখের ক্লাবটি। প্রায় এক দশক পর ফের একবার ঘরের মাঠে ইউরোপ সেরার আসরে প্রত্যাবর্তনের আশায় বুক বাঁধছেন বায়ার্ন অনুরাগীরা। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের ফিরতি পর্বে পিএসজি’র মুখোমুখি হবেন হ্যারি কেনরা। প্রথম লেগে পার্ক দ্য প্রিন্সেসে ৫-৪ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট নিশ্চিতের পথে কিছুটা হলেও পা বাড়িয়ে রেখেছে লুই এনরিকে ব্রিগেড। তবে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া ভিনসেন্ট কোম্পানির ছেলেরা। বিশেষত বিপক্ষের ডেরায় ২-৫ ব্যবধানে পিছিয়ে থেকেও যেভাবে দু’গোল পরিশোধ করে বায়ার্ন, তা ঘরের মাঠে লড়াইয়ে নামার আগে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে। পক্ষান্তরে, ঘরের মাঠে জয়ের অ্যাডভান্টেজ ভুলে ফিরতি পর্বেও ইতিবাচক ফল তুলে টানা দ্বিতীয়বার ফাইনালের টিকিট পাকা করাই লক্ষ্য পিএসজি’র।

Advertisement

ইউরোপ সেরার লড়াইয়ে মুখোমুখি সাক্ষাতে পিএসজি’কে টেক্কা দিয়েছে বায়ার্ন। তার উপর চলতি মরশুমে দুরন্ত ছন্দে ভিনসেন্ট কোম্পানি ব্রিগেড। ইতিমধ্যেই বুন্দেশলিগা খেতাব নিশ্চিত করেছে তারা। পাশাপাশি জার্মান কাপের ফাইনালে পৌঁছেছে দল। তাই আরও একবার ত্রিমুকুট জয়ের আশা জিইয়ে রাখতে বুধবার ঘরের মাঠে পিএসজি’কে হারাতে বদ্ধপরিকর হ্যারি কেনরা। দলের অনুশীলনেও সেই মরিয়া প্রচেষ্টা দেখা গেল। শুধু তাই নয়, মঙ্গলবার দীর্ঘক্ষণ ফুটবলারদের সঙ্গে আলোচনা করেন বায়ার্ন কোচ। ফুটবলার জীবনে এমন বহু ম্যাচে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন কোম্পানি। এবার কোচের পদে সেই একইভাবে দলকে পরিচালনা করতে চান বেলজিয়ামের প্রাক্তন ডিফেন্ডারটি।
বুধবার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে চায় দুই দল। বিশেষত বায়ার্নের আপফ্রন্টে হ্যারি কেন, লুইস ডিয়াজ, মাইকেল ওলিসে, জামাল মুসিয়ালাদের দুরন্ত ফর্ম ভরসা জোগাচ্ছে। কোচ কোম্পানি অবশ্য প্রতিটি বিভাগেই পিএসজিকে টেক্কা দিতে চান। তাঁর মন্তব্য, ‘আমার সবসময় লক্ষ্য থাকে দুর্গ অক্ষত রেখে মাঠ ছাড়া। তবে তা সবসময় সম্ভব হয় না। তাই আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষত গত দু’বছরের বেশি সময় ধরে দারুণ ছন্দে পিএসজি। প্রথম লেগেও তারা সিংহভাগ দাপট দেখিয়েছে। তা সত্ত্বেও আমাদের হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে হবে।’
লুই এনরিকের হাত ধরে গত মরশুমে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ পায় পিএসজি। এবার তাদের সামনে সুযোগ রয়েছে খেতাব পুনরুদ্ধারের। তবে বায়ার্নের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না। কোচ এনরিকে অবশ্য ফিরতি লেগেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। তাঁর কথায়, ‘গত মরশুমে স্বপ্ন পূরণের আশায় আমরা সেরাটা উজাড় করে দিয়েছিলাম। এবার ইতিহাস স্পর্শ করার সুযোগ রয়েছে। ছেলেরা সেই মানসিকতা নিয়েই মাঠে নামবে।’ উল্লেখ্য, ফিরতি পর্বে নামার আগে অবশ্য চোট সমস্যায় জর্জরিত পিএসজি। বুধবার দলের নির্ভরযোগ্য উইং-ব্যাক আচরাফ হাকিমিকে ছাড়াই কোচ এনরিকেকে দল সাজাতে হবে।
খেলা শুরু রাত ১২-৩০ মিনিটে। 
সরাসরি সম্প্রচার সোনি স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ