নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিএসসি ‘ক্লার্কশিপ’ পার্ট-১ পরীক্ষা ২৬-২৭ ডিসেম্বর। ওই দুদিন তিনদফায় ২৬টি কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। জানিয়েছে পিএসসি। এই পরীক্ষার মাধ্যমে সরকারি অফিসগুলিতে এলডিএ নিয়োগ করা হয়। পার্ট-১-এ সফল প্রার্থীরা পার্ট-২ পরীক্ষায় বসেন। এই পরীক্ষার বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়। অনলাইনে আবেদন জমা পড়েছে প্রায় সাড়ে ৮ লক্ষ।
উল্লেখ্য, এই পরীক্ষার মাধ্যমে প্রায় ৯ হাজার এলডিএ শূন্যপদ পূরণ করা হবে। ২৬ ডিসেম্বর, শনিবার দু-দফায় (বেলা ১১টা এবং দেড়টা) এবং ২৭ ডিসেম্বর, রবিবার একদফায় (বেলা ১১টা) দেড় ঘণ্টার পরীক্ষা নেওয়া হবে এমসিকিউ প্যাটার্নে। পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ার কারণে তিনদফায় পরীক্ষা নেওয়া হচ্ছে। পিএসসি জানিয়েছে, তাদের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। কোন কেন্দ্রে, কবে ও কোন দফায় পরীক্ষা নেওয়া হবে, তা সেখান থেকেই জানা যাবে।
এদিকে, রাজ্য বিদ্যুৎ সংবহন সংস্থা পাঁচ ধরনের মোট ২০২টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এর মধ্যে চারটি কারিগরি শ্রেণির পদ। তার জন্য স্বীকৃত জায়গা থেকে কারিগরি শিক্ষার সার্টিফিকেট, ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা প্রভৃতি থাকা আবশ্যক। সাধারণ স্নাতকদের জন্য রয়েছে অফিস এগজিকিউটিভের ২০টি পদ। সেক্ষেত্রেও কম্পিউটার শিক্ষার কোর্স করা থাকা চাই। শুধুমাত্র পশ্চিমবঙ্গের বাসিন্দারাই এই পরীক্ষায় বসতে পারবেন। লিখিত পরীক্ষায় সফল হলে ইন্টারভিউয়ের সময় উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট পেশ করতে হবে। কম্পিউটারের মাধ্যমে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় বাংলা অথবা নেপালি ভাষার উপরেও একটি পেপার থাকবে।



