সংবাদদাতা, লালবাগ: পর্যটনের শহর মুর্শিদাবাদে বছরভর দেশ বিদেশের পর্যটকরা ঘুরতে আসেন। মাঝে মধ্যেই তাঁরা শহরের হোটেল বা রেস্টুরেন্টের খাবারের গুণগত মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সেই কারণে শীতে পর্যটন মরশুম শুরুর আগে এব্যাপারে মুর্শিদাবাদ শহরের শতাধিক খাবারের দোকানদার, হোটেল মালিক এবং হকারদের নিয়ে বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করল জেলা খাদ্য সুরক্ষা দপ্তর। রেস্তোরাঁ অথবা খাবার বিক্রেতাদের কী কী করণীয় এবং কী কী করা উচিত বা অনুচিত সেই বিষয়ে আলোচনা করেন জেলার খাদ্য সুরক্ষা আধিকারিক প্রশান্ত বৈদিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালবাগ মহকুমা শাসক বনমালী রায় সহ অন্যান্যরা। এর ফলে আগামী দিনে হোটেল ও খাবারের দোকানদাররা যে সতর্ক হবেন, সেই কথা উল্লেখ করেন মহকুমা শাসক। আচমকা অভিযান চালিয়ে খাবারের মান যাচাই করা হবে বলেও তিনি জানিয়ে দেন।
Advertisement
মুর্শিদাবাদ হেরিটেজ অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, কোনও পর্যটক যখন খাবারের গুণগত মান নিয়ে অভিযোগ তোলেন, তখন এই শহরের মানুষ হিসেবে মাথা হেঁট হয়ে যায়।



