Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পর্যটকদের গাড়ি আটকে চাঁদা আদায় দীঘায়, গ্রেপ্তার যুবক

পর্যটকদের গাড়ি আটকে চাঁদা আদায় দীঘায়, গ্রেপ্তার যুবক
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাঁথি: দীঘায় মেরিন ড্রাইভের রাস্তায় মনসা পুজোর নামে পর্যটকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম জয়ন্ত জানা। তার বাড়ি স্থানীয় পূর্ব মুকুন্দপুর এলাকায়। 
Advertisement
দীঘা কোস্টাল থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, পূর্ব মুকুন্দপুর এলাকায় একটি মনসা পুজো উপলক্ষ্যে কিছু যুবক গত কয়েকদিন ধরে মেরিন ড্রাইভের রাস্তার উপর দেদার চাঁদা তুলছিল। তারা নায়েকালী মন্দির সংলগ্ন এলাকায় রাস্তার উপর একের পর এক পর্যটকের গাড়ি আটকে জোর করে চাঁদা আদায় করতে থাকে বলে অভিযোগ। শুক্রবার বিকেলে পর্যটকদের একটি গাড়ি আটকে ওই যুবকরা চাঁদা আদায় করছিল। তখন ওই পর্যটক থানায় ফোন করেন। পুলিস দ্রুত ঘটনাস্থলে এসে জয়ন্তকে ধরে। তবে চাঁদা আদায়কারী বাকি যুবকরা চম্পট দেয়। পুলিস জানিয়েছে, বাকি অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। 
দীঘা কোস্টাল থানার ওসি অরুণকুমার পতি বলেন, মেরিন ড্রাইভের রাস্তায় পর্যটকদের গাড়ি কিংবা কোনও গাড়ি আটকে চাঁদা আদায় বরদাস্ত করা হবে না। অভিযোগ পেলে পুলিস কড়া পদক্ষেপ করবে। মেরিন ড্রাইভের রাস্তায় টহল ও নজরদারি আরও বাড়ানো হচ্ছে।
সম্পর্কিত সংবাদ