সংবাদদাতা, মানিকচক: ত্রাণ শিবির থেকে সবে বাড়ি ফিরেছেন। ভাঙা বাড়ি মেরামত করে থিতু হওয়ার চেষ্টা করছেন বন্যা কবলিতরা। তারই মাঝে ভয়ঙ্কর পরিণতি ঘটল একটি দিনমজুর পরিবারের। বুধবার রাতের অন্ধকারে আগুনে পুড়ে ছাই পাঁচটি বাড়ি সহ সমস্ত আসবাবপত্র। বর্তমানে খোলা আকাশের নীচে ঠাঁই হয়েছে হিরানন্দপুর পঞ্চায়েতের গোপালটোলা গ্রামের বাসিন্দা মনোজ মণ্ডলের (৩২) পরিবারের। কয়েকমাস আগে ভূতনির অন্যান্য বাসিন্দাদের মতো মনোজের বাড়িও টানা দু’মাস জলমগ্ন ছিল। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতেই ভাঙা বাড়ি মেরামত করে কোনওরকমে চলছিল দিনযাপন। পরিবারের সদস্যদের রেখে মনোজ এখন ভিনরাজ্যে কাজে। তার মধ্যেই বুধবারের রাতে এই অঘটন।
Advertisement
হঠাত্ মনোজের বাড়িতে আগুন লেগে যায়। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। খড়ের বেড়া থাকায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিমেষের মধ্যে তিনটি ঘর ছাই হয়ে যায়। পাশের দুটি বাড়ি সেভাবে ক্ষতিগ্রস্ত না হলেও ঘরে থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে গিয়েছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে খোলা আকাশের নীচে ঠাঁই হয়েছে। গৃহবধূ লতা মণ্ডল বলেন, অল্পের জন্য বৃদ্ধ শাশুড়ি ও সন্তানদের নিয়ে প্রাণে বেঁচেছি। তবে ঘরের কোনও কিছু বের করতে পারিনি। সব পুড়ে গিয়েছে। প্রশাসন আমাদের সাহায্য করুক। এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য বিউটি রানি মণ্ডল ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের হাতে বেশকিছু বস্ত্র এবং খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন তিনি।



