Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে ক্ষতিপূরণ দাবি

পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে ক্ষতিপূরণ দাবি
  • ২৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেখলিগঞ্জ: কর্ণাটকে কাজ করতে গিয়ে ১৭নভেম্বর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক। নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু হয়েছে তাঁর। ছেলের আকস্মিক মৃত্যুর আটদিন পর সোমবার প্রশাসনের কাছে ক্ষতিপূরণের আর্জি জানালেন বাবা। মৃতের বাড়ি মেখলিগঞ্জের বাগডোকরা-ফুলকাডাবরি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃতের নাম সৌমেন রায়। একমাত্র পুত্রসন্তানকে হারিয়ে শোকস্তব্ধ হতদরিদ্র বাবা গোপাল রায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, জমি, জায়গা বলতে তেমন কিছুই নেই তাঁদের। মৃত পরিযায়ী শ্রমিক সৌমেন রায়ের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়ে সোমবার মহকুমাশাসক এবং শ্রমদপ্তরের আধিকারিকের স্মারকলিপি দিয়েছে অল ইন্ডিয়া মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের কোচবিহার জেলা কমিটি। সংগঠনের অন্যতম সংগঠক রঞ্জিতকুমার রায় বলেন, এই রাজ্যে কর্মসংস্থানের সুযোগ না পেয়ে পরিবারকে বাঁচানোর উদ্দেশ্যেই কর্ণাটকের মহীশূরে গিয়েছিলেন সৌমেন। কিন্তু আকস্মিকভাবে দুর্ঘটনায় তিনি মারা যান। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারকে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে স্থায়ী চাকরির দাবিতে স্মারকলিপি দেওয়া হয়। মেখলিগঞ্জের মহকুমাশাসক বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। মৃতের বাবা জানিয়েছেন, সরকারি সাহায্য না পেলে কোথায় গিয়ে দাঁড়াব, ভেবে পাচ্ছি না। 
Advertisement
সম্পর্কিত সংবাদ