Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি বৈঠকে গরহাজির ‘ত্রিমূর্তি’

প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি বৈঠকে গরহাজির ‘ত্রিমূর্তি’
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, গঙ্গারামপুর: তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি বৈঠক, অথচ সেখানে দেখা গেল না বিপ্লব মিত্র বিরোধী গোষ্ঠীর ‘ত্রিমূর্তি’কে। দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কার্যালয়ে জেলা কমিটির সদস্যদের নিয়ে বুধবার রাতে বৈঠক করে নেতৃত্ব। জেলা তৃণমূল কার্যালয় যেহেতু গঙ্গারামপুর শহরে, সেকারণে সেখানেই এবার প্রতিষ্ঠা দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিনের বৈঠকে একাধিক বিষয় আলোচনা হলেও বিতর্ক এড়ানো গেল না। বিপ্লব বিরোধী হিসেবে পরিচিত জেলা পরিষদের সদস্য তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মৃণাল সরকার,জেলা যুব তৃণমূল সভাপতি অম্বরীশ সরকার ও রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম দাস বৈঠকে অনুপস্থিত ছিলেন। বিরোধী গোষ্ঠীর অভিযোগ, জেলা তৃণমূল কমিটিতে ১৩০ জন সদস্য থাকলেও সবাইকে আমন্ত্রণ জানানো হয়নি। জেলা কমিটির মিটিং হয়েছে ৩০ সদস্যকে নিয়ে। যদিও অম্বরীশ, মৃণাল ও গৌতম জেলা কমিটির বৈঠকে ডাক পেয়েছিলেন বলে জানিয়েছেন। এপ্রসঙ্গে মৃণালের মন্তব্য, ব্যক্তিগত কারণে বৈঠকে যেতে পারিনি। কিন্তু জেলা কমিটির সবাইকে কেন জানানো হচ্ছে না, সেই প্রশ্ন থেকেই থাচ্ছে। 
Advertisement
জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল বলেন, একটা সময় যাঁরা মিটিংয়ে ডাক পাচ্ছেন না বলে রাজ্য নেতৃত্বের কাছে নালিশ করেছিলেন, তাঁরাই এখন ডাকলে আসেন না। জেলার মিটিং থাকলে সদস্যদের অনেকে বিভিন্ন কারণ দেখিয়ে অনুপস্থিত থাকেন।কিন্তু সভাপতি হিসেবে সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। দু’টি মিটিং দেখলাম, আরেকবার এমন হলে রাজ্যে জানাব। 
গৌতমের অভিযোগ, জেলায় দল সংগঠিত। কিন্তু আমাদের কোথাও দলের থেকেও বিষয়টি ব্যক্তিকেন্দ্রিক হয়ে দাঁড়াচ্ছে। এখনও নতুন কমিটি হয়নি। যাঁরা আছেন সবাই জেলা কমিটির সদস্য। গুরুত্ব দিয়ে সকলকে মিটিংয়ে ডাকতে হবে।
সম্পর্কিত সংবাদ