Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রতিষ্ঠা দিবসে ঘাটালের স্কুলে বসল ন্যাপকিন ভেন্ডিং ও বার্নিং মেশিন

প্রতিষ্ঠা দিবসে ঘাটালের স্কুলে বসল ন্যাপকিন ভেন্ডিং ও বার্নিং মেশিন
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, ঘাটাল: বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসেই ছাত্রীদের জন্য বিশেষ ‘উপহারের’ ব্যবস্থা করল ঘাটাল শহরের বসন্তকুমারী বালিকা বিদ্যালয়। বুধবার ওই স্কুলের ৬৯তম প্রতিষ্ঠা দিবসেই একটি ন্যাপকিন ভেন্ডিং ও বার্নিং মেশিন বসানোর ব্যবস্থা করলেন প্রধান শিক্ষিকা। এদিন ছাত্রীরাই ওই মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করে। প্রধান শিক্ষিকা বীণা মান্না বলেন, ‘এতে মাত্র এক টাকার কয়েন ফেললেই দু’টি স্যানিটারি ন্যাপকিন বেরিয়ে আসবে। ছাত্রীদের খুবই সুবিধে হবে।’
Advertisement
ঋতুস্রাবের সময় স্কুলে বেশিরভাগ সময়েই  নানা অসুবিধার সম্মুখীন হয় ছাত্রীরা। বিশেষ করে স্কুল চলাকালীন হঠাত্‍‌ ঋতুস্রাব শুরু হলে অস্বস্তিতে পড়ে যায় তারা। স্কুল চত্বর পেরিয়ে দোকানে গিয়ে ন্যাপকিন কেনাও কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। ছাত্রীরা জানায়, স্কুলেই ন্যাপকিন ভেন্ডিং মেশিন থাকলে চটজলদি তা নিতে পারবে ছাত্রীরা।
ঘাটাল মহকুমার সেরা স্কুলগুলির মধ্যে একটি বসন্তকুমারী বালিকা বিদ্যালয়। এখানে ছাত্রীর সংখ্যা দেড় হাজারের বেশি। স্থায়ী ও অস্থায়ী মিলেয়ে ৪০জন শিক্ষিকা রয়েছেন। প্রধান শিক্ষিকার আক্ষেপ, বিদ্যালয়ের ছাত্রীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের জন্য জন্য প্রশাসন, শিক্ষাদপ্তর, জেলা পরিষদ প্রত্যেকের কাছেই আবেদন করা হয়েছিল। কিন্তু কেউ কোনও গুরুত্ব দেয়নি। শেষে আইওসির ইস্টার্ন রিজিয়নের জেনারেল ম্যানেজার(মেইনটেন্যান্স) জয়দেব মান্নার সঙ্গে যোগাযোগ করেন প্রধান শিক্ষিকা। জয়দেববাবুর ব্যবস্থাপনায় নিগমের পক্ষ থেকে স্কুলের জন্য একটি ন্যাপকিন ভেন্ডিং এবং বার্নিং মেশিন বসানো সম্ভব হয়েছে। সেই সঙ্গে নিগম ৫৩ কার্টন ন্যাপকিন দিয়েছে। 
প্রধান শিক্ষিকা বলেন, আইওসি আমাদের স্কুলের আবদার পূরণ করায় আমরা কৃতজ্ঞ। বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি দীপক ঘোষাল জানান, এদিন স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।-নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ