Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রতারণা রুখতে এবার চাঁচলে চালু ক্রেতা সুরক্ষা দপ্তরের অফিস   

প্রতারণা রুখতে এবার চাঁচলে চালু ক্রেতা সুরক্ষা দপ্তরের অফিস 
 
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, চাঁচল: প্রতারিত হলে অভিযোগ জানাতে ক্রেতাদের ছুটতে হতো ৬০ কিমি দূরে মালদহ সদরে। ছোটখাটো ঘটনা ঘটলে দূরে যাওয়ার ভয়ে চুপ করে বা঩ড়িতেই বসে থাকতেন ক্রেতারা। সাধারণ ক্রেতাদের সুরক্ষা প্রদান ও অভিযোগ নিরসনের লক্ষ্যে এবার মালদহের মহকুমা চাঁচলে চালু হল উপভোক্তা বিষয়ক ক্রেতা সুরক্ষা দপ্তর। বুধবার আনুষ্ঠানিক ভাবে দপ্তরের কার্যালয়ের উদ্বোধন হয়েছে। চাঁচলের প্রশাসনিক ভবনের (এসডিও অফিস) চতুর্থ তলায় শোনা হবে প্রতারিত ক্রেতাদের অভিযোগ। এদিন দপ্তরের উদ্বোধনে আসেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র, প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাত, আরেক মন্ত্রী তাজমুল হোসেন সহ অন্যরা। 
Advertisement
দপ্তর সূত্রে জানা গিয়েছে, সাধারণ ক্রেতারা প্রতারিত হলে এখানে অভিযোগ জানাতে পারবেন। আর দূরে ছুটতে হবে না। পণ্য বা সেবার মান,পণ্য নিয়ে মিথ্যে বিজ্ঞাপন,অতিরিক্ত মূল্য আদায়,পণ্য ফেরতে অনীহা সহ ক্রেতারা নানা বিষয়ে প্রতারণার শিকার হলে এখানে উপযুক্ত প্রমাণ নিয়ে অভিযোগ জানাতে পারবেন। কৃষিজ পণ্য ও খনিজ পণ্য কিনে ঠকলেও অভিযোগ শোনা হবে। 
ক্রেতা সুরক্ষা দপ্তরের সচিব রুমেলা দে বলেন, আঞ্চলিক দপ্তর চালু করার উদ্দেশ্যেই হল ক্রেতাদের সুরক্ষা প্রদান আরও নিবিড়ভাবে করা। প্রত্যেক ক্রেতার অধিকার রয়েছে পণ্য কেনার সময় বিক্রেতার কাছ থেকে উপযুক্ত রসিদ আদায় করা। রসিদ না থাকলে প্রতারিত ক্রেতার অভিযোগ শোনা মুশকিল হবে। রসিদ সহ উপযুক্ত প্রমাণ নিয়ে এলেই আমরা প্রতারিত ক্রেতাকে ন্যায় পাইয়ে দেব। 
মন্ত্রী বিপ্লব বলেন, এখন অনলাইনে কেনাকাটার চল বেড়েছে। উৎসবে কেনাকাটা আরও বেশি হয়। অনেকে প্রতারিত হন। রাজ্য সরকার গোটা রাজ্যে ক্রেতাদের অভিযোগ নিরসনের জন্য ৩০ টি আঞ্চলিক দপ্তর চালু করেছে। চাঁচলেও একটি অফিস হল।
Advertisement
সম্পর্কিত সংবাদ