Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরাতন মালদহের দেবীপুরে আজও হয়নি নিকাশিনালা, দুর্ভোগের অন্ত নেই বাসিন্দাদের

পুরাতন মালদহ শহরের ১৩ এবং ১৬ নম্বর ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা বেহাল। ওই এলাকার দেবীপুরে মাত্র ২০০ মিটার নিকাশিনালা তৈরির জন্য স্থানীয় বাসিন্দারা গত ২০ বছরের বেশি সময় ধরে স্থানীয় পুরসভার জনপ্রতিনিধিদের একাধিক বার বলে আসছেন।

পুরাতন মালদহের দেবীপুরে আজও হয়নি নিকাশিনালা, দুর্ভোগের অন্ত নেই বাসিন্দাদের
  • ৫ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ শহরের ১৩ এবং ১৬ নম্বর ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা বেহাল। ওই এলাকার দেবীপুরে মাত্র ২০০ মিটার নিকাশিনালা তৈরির জন্য স্থানীয় বাসিন্দারা গত ২০ বছরের বেশি সময় ধরে স্থানীয় পুরসভার জনপ্রতিনিধিদের একাধিক বার বলে আসছেন। তবুও এখনও পর্যন্ত নিকাশিনালা তৈরি হয়নি বলে অভিযোগ উঠেছে। এদিকে সুষ্ঠু নিকাশি না থাকার ফলে বাসিন্দাদের একাংশ রাস্তায় জল ফেলে দিচ্ছেন। ওই জলে অনেকে পড়ে হোঁচট খাচ্ছেন। জল ফেলাকে কেন্দ্র করে নিত্যদিন প্রতিবেশীদের মধ্যে বচসা বেঁধে যাচ্ছে। ওই এলাকায় মানুষ বিষয়টি নিয়ে বিরক্ত। মঙ্গলবার আবারও নিকাশিনালা তৈরির আবেদন নিয়ে স্থানীয় ভুক্তভোগীদের তরফে এক বাসিন্দা পুরসভায় লিখিত অভিযোগ করেন। 
Advertisement
তাঁদের দাবি, বর্ষার আগেই দ্রুত সুষ্ঠু নিকাশি ব্যবস্থা করে দিতে হবে। না হলে আগামী দিনে আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা। অভিযোগকারী বাসিন্দা অজয় দাস বলেন, এলাকায় জল নিকাশির কোনও ব্যবস্থা নেই। স্থানীয় জনপ্রতিনিধিদের বার বার বলা হয়েছে। আজ হবে, কাল হবে করে,  কাজটি কেউ করছে না। এর আগেও আমরা প্রশাসনকে জানিয়েছিলাম। ২০০ মিটার নিকাশিনালা তৈরি হলে আমাদের পাড়ার সবার সুবিধা হবে।
স্থানীয় বাসিন্দা রাখি দাস, করুণা হালদাররা বলেন, বাড়ির জল ফেলার জায়গা নেই। সেজন্য অনেকেই বাড়ির দুয়ারের সামনে চৌবাচ্চা করেছেন। সেখানে জল ফেলেন। ওই চৌবাচ্চা ভর্তি হলে, সেখানকার জল রাস্তায় চলে যায়। এতে রাস্তায় জল জমে পিচ্ছিল হয়। বৃষ্টি হলে দুর্ভোগের শেষ থাকে না। বিষয়টি পুরসভার দেখা উচিত। 
এনিয়ে ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শিবশঙ্কর ভট্টাচার্যকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি। অন্যদিকে ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রিমি দাস পাল বলেন, এটা বাস্তব সমস্যা। আমাদের ওয়ার্ডের কিছু লোক সেখানে আছে। আগে পুরসভাকে বলেছি। আবারও জানানো হবে। পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে। আগামী দিনে নিকাশিনালা তৈরি করা হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ