সংবাদদাতা, পুরাতন মালদহ: মঙ্গলবার দুপুর একটা বেজে কুড়ি মিনিট। পুরাতন মালদহের মহিষবাথানি গ্রামের গোটপাড়ায় নিজের জমিতে মন দিয়ে টমেটো, ফুলকপির পরিচর্যা করছিলেন বছর চল্লিশের নির্মল রাজবংশী। সেই সময় আচমকা হাজির হন আবগারি দপ্তর এবং ব্লক প্রশাসনের কর্তারা। তাঁদের সঙ্গে ছিল মালদহ থানার পুলিস বাহিনীও। একসঙ্গে এত পুলিস দেখে চমকে যান ওই কৃষক। পরে আসল কারণ জানতে পেরে স্বস্তি ফেরে।
এলাকায় কোথাও লুকিয়ে পোস্ত চাষ হচ্ছে কি না সেটা দেখতেই অভিযান চালানো হয়েছিল। কৃষকদের এই সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়। প্রশাসনের ওই টিম এদিন স্থানীয় এলাকার মহিষবাথানি, ভাবুক, যাত্রাডাঙ্গা এলাকাতেও যায়। আজ বুধবার দায়িত্ব প্রাপ্ত আধিকারিকেরা মঙ্গলবাড়ি, সাহাপুর, মুচিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নজরদারি করতে যাবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। নির্মল বলেন, এদিন অনেক পুলিস এসেছিল। জিজ্ঞেস করল, এখানে পোস্ত কোথায় চাষ হয়। আমাদের এখানে কোথাও হয় না, সেটা জানিয়েছি। পোস্ত চাষ নজরে পড়লে দ্রুত স্থানীয় প্রশাসনকে জানাতে বলা হয়েছে।
পুরাতন মালদহের বিডিও সেঁজুতি পাল মাইতি বলেন, আমাদের ব্লকে ৬টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এদিন তিনটি গ্রাম পঞ্চায়েতে সার্ভে হয়েছে। ওই এলাকাগুলিতে অবৈধভাবে পোস্ত চাষ হচ্ছে কি না দেখা হচ্ছিল। এখনও পর্যন্ত আমাদের এলাকায় পোস্ত চাষ নজরে পড়েনি।
মালদহ সদর আবগারি দপ্তরের এক আধিকারিক ঘটনাস্থলে ছিলেন। তিনি বলেন, আমরা একাধিক চাষির সঙ্গে কথা বলেছি। তাঁদের সতর্ক ও সচেতন করা হয়েছে। পোস্ত চাষ সংক্রান্ত কিছু দেখলে স্থানীয় প্রশাসনকে জানাতে বলা হয়েছে। তখন গাছ নষ্ট করে দেওয়া হবে।