Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পুরাতন মালদহে ডোবা পুনরুদ্ধার ভূমি দপ্তরের

পুরাতন মালদহে ডোবা পুনরুদ্ধার ভূমি দপ্তরের
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: নতুন বছরের শুরুতেই পুরাতন মালদহে ডোবা পুনরুদ্ধারের কাজ শুরু করল ভূমি এবং ভূমি সংস্কার দপ্তর। বুধবার ওই ব্লকের ভাবুক গ্রাম পঞ্চায়েতের মহাজীবনগর মৌজায় ভরাট হওয়া ডোবার জায়গা আর্থমুভার দিয়ে মাটি তোলার কাজ শুরু হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন ব্লক ভূমি দপ্তরের আধিকারিক বিপ্লব মণ্ডল সহ অন্য আধিকারিকেরা। তিনি দাঁড়িয়ে থেকে মালিক পক্ষকে দিয়ে মাটি তোলার কাজ করান। ব্লকে কোথাও পুকুর বা ডোবা ভরাট হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে দপ্তরের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের দাবি, ৪৯ শতক ওই জমি ডোবা শ্রেণির। সেখানে মাটি দিয়ে অর্ধেকের বেশি ভরাট করে দেওয়া হয়েছে। সম্প্রতি বিষয়টি দপ্তরের নজরে পড়লে মালিকপক্ষকে নোটিশ দেওয়া হয়। সেখান থেকে দ্রুত মাটি না সরালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এরপর মালিকপক্ষ নড়েচড়ে বসে। তাদের অর্থ দিয়েই আর্থ মুভারের সাহায্যে ডোবা পুনরুদ্ধারের কাজ শুরু হয়। ভূমি আধিকারিক বিপ্লব বলেন, মহাজীবনগর মৌজার মধ্যে জমিটির শ্রেণি ছিল ডোবা। ভরাট হওয়ায় এদিন পুনরুদ্ধারের কাজ শুরু করতে এসেছিলাম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ব্লকে জলাজমি ভরাট নতুন কিছু নয়। সাহাপুর, মুচিয়া, মঙ্গলবাড়ি সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় দেদার পুকুর ভরাটের অভিযোগ উঠেছিল। কিছু ক্ষেত্রে বছর খানেক আগে পুনরুদ্ধার হয়েছিল। কিন্তু জলাজমি ভরাট বন্ধ হয়নি বলে দাবি স্থানীয়দের। এদিন ভূমি আধিকারিক সতর্ক করে বলেন, জলাভূমি ভরাট বরদাস্ত করা হবে না। এর সঙ্গে পরিবেশের ভারসাম্য জড়িয়ে রয়েছে।  জলাজমি  ভরাট  নজরে এলে মালিককেই খরচ করে মাটি তুলতে হবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ