সংবাদদাতা, কালিয়াগঞ্জ: হেফাজতে নেওয়া দুস্কৃতীদের জেরা করে সাফল্য পেল পুলিস। হেমতাবাদের বিদ্রোহী ক্লাবের কালী মন্দিরে চুরির ঘটনায় উদ্ধার হল সমস্ত গয়না। শনিবার সকালে হেমতাবাদ থানার ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় মাটিরতলা থেকে উদ্ধার হয়েছে জিনিসপত্র।পুলিস সূত্রের খবর, দুষ্কৃতীরা চুরির পর গয়না ওই এলাকায় মাটির নীচে পুঁতে রেখেছিল। উদ্ধার হয়েছে রুপোর মুকুট, খড়্গ, কোমরের বিছে এবং নুপুর। গত সোমবার রাতে বিদ্রোহী ক্লাবের কালী মন্দিরে দুঃসাহসিক চুরি হয়। প্রতিমা থেকে সমস্ত অলঙ্কার খুলে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তে নামে পুলিস। বুধবার রাতে রায়গঞ্জের কর্ণজোড়া থেকে গ্রেপ্তার করা হয় রামকৃষ্ণ সরকার ও গোলাম রহমানকে। তাদের জেরা করেই সাফল্য মিলেছে। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, ধৃত দুই চোরকে জেরা করে সামগ্রী উদ্ধার করা হয়েছে। মন্দির কমিটির পক্ষে রাজু চৌধুরী বলেন, আমাদের মন্দির থেকে চুরি যাওয়া গয়না উদ্ধার হয়েছে।



