নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: শোভাযাত্রায় তুমুল নাচ। যার ফল স্বরূপ আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল এক যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শান্তিপুরে। মৃত যুবকের নাম শুভদীপ বসু(২৪)। শনিবার শান্তিপুর থানার পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বাড়ির সদস্যের আচমকা মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। বৃহস্পতিবার কালীপুজো ছিল। নদীয়ার অন্যান্য প্রান্তের মতোই আড়ম্বর এবং জৌলুসের সঙ্গে কালীপুজো আয়োজিত হয় শান্তিপুরেও। শুক্রবার প্রাচীন এবং বাড়ির কালীপ্রতিমার সঙ্গে রেশকয়েকটি বারোয়ারি প্রতিমারও ভাসান ছিল। এরকমই একটি বারোয়ারি প্রতিমার ভাসানের শোভাযাত্রায় গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হল তরতাজা ওই যুবকের। পুলিস সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর থানা এলাকার রামকানাই স্ট্রিটে শুভদীপের বাড়ি। শুক্রবার সন্ধ্যায় পাড়ার একটি বারোয়ারি পুজোর বিসর্জনে গিয়েছিলেন ওই যুবক। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ দাবি করেছেন, শোভাযাত্রায় বাকিদের সঙ্গেই তুমুল নাচানাচিও করেন তিনি। সেই সময় থেকেই তিনি অসুস্থ বোধ করতে থাকেন। যদিও প্রথমে বিষয়টি খুব একটা গুরুত্ব দেননি শুভদীপবাবু। পরে অসুস্থতা বাড়ে। কয়েকজন তাঁকে সেখান থেকে সোজা বাড়ি নিয়ে যান। বাড়িতেই প্রাথমিক শুশ্রুষা করে শুইয়ে দেওয়া হয় তাঁকে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরিবারের লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। পুলিস গিয়ে মৃতদেহটি ময়নতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন শুভদীপবাবু। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। তাঁর মৃত্যুতে কার্যত অথৈ জলে পড়েছে পরিবারের লোকজন। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।



