সংবাদদাতা, তেহট্ট: চলছে পোর্টালের সমস্যা। সেই কারণে চার মাসের বেশি সময় ধরে তেহট্ট মহকুমা হাসপাতাল থেকে প্রতিবন্ধী শংসাপত্র দেওয়া বন্ধ রয়েছে। ফলে সমস্যায় একাধিক আবেদনকারী। মানবিক ভাতা থেকে অন্যান্য কাজে বিশেষ ভাবে সক্ষমদের জন্য শংসাপত্র জরুরি। যে পোর্টালে সমস্যা, সেটির লিঙ্ক থাকে রাজ্য ও কেন্দ্র, দুই সরকারের। কিন্তু কেন্দ্র সরকারের লিঙ্কে সমস্যা হওয়ায় এই অসুবিধা হচ্ছে। তাঁরা এই সমস্যা মেটনোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।
Advertisement
জানা গিয়েছে, ২০২৩ এর আগে অফলাইনে হাসপাতালে আবেদন করার পর হাসপাতাল থেকেই মিলত প্রতিবন্ধী শংসাপত্র। ২০২৩ সালে অফলাইন প্রক্রিয়ার পরিবর্তন করে অনলাইন সিস্টেম চালু করে রাজ্য সরকার। এখন পুরোটাই অনলাইন পদ্ধতিতে হচ্ছে। যে কেউ এই শংসাপত্র পাওয়ার জন্য আবেদন করার পর হাসপাতালে নির্দিষ্ট চিকিৎসক তাঁর পরীক্ষা করবে। এরপর চিকিৎসকের অনুমোদনের পর সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ তা পর্যবেক্ষণ করে নির্দিষ্ট বিভাগে পাঠাবে। এরপর অনলাইনেই সেই শংসাপত্র পাওয়া যাবে। এই পদ্ধতিতে প্রতিবন্ধীদের শংসাপত্র কয়েকমাস দিতে পেরেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর বেশ কিছুদিন পোর্টালের সমস্যায় তা দেওয়া যায়নি। তখনকার মতো সমস্যা মিটলেও ফের আগস্ট মাস থেকে পোর্টালের সমস্যা শুরু হয়। তেহট্ট মহকুমার চারটি ব্লকের বহু মানুষ আবেদন করেছেন। তাঁদের শংসাপত্র পোর্টাল সমস্যার জন্য দেওয়া হয়নি। তারপরে আবার নতুন আবেদন জমা পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, এই শংসাপত্র দেওয়ার নতুন পদ্ধতিতে রাজ্যের ও কেন্দ্রের যৌথ লিঙ্ক রয়েছে। কেন্দ্রের পোর্টালে সমস্যা হচ্ছে। এই কারণেই মূলত শংসাপত্র প্রদান সম্ভব হচ্ছে না। মানবিক ভাতা কিংবা শ্রম বিভাগে ঋণের আবেদন করতে পারছেন না বিশেষ ভাবে সক্ষম মানুষজন। তাছাড়াও বহু চাকরিজীবী মানুষের এই শংসাপত্র প্রয়োজন রয়েছে। ফলে সমস্যায় অনেকে। জানা গিয়েছে, ১৬ জানুয়ারি কলকাতায় এই পোর্টাল বিষয়ে একটি ট্রেনিং রয়েছে। ওই দিনের পর এই সমস্যার সমাধান হতে পারে। এবিষয়ে জানতে তেহট্ট মহকুমা হাসপাতালের সুপার বাপ্পাদিত্য ঢালিকে ফোনে যোগাযোগ করা যায়নি ।



