সংবাদদাতা, কালিয়াচক: প্রাইমারি স্কুলে চুরি। যা ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। সোমবার রাতে চুরির ঘটনাটি ঘটে মোথাবাড়ি জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলে। মঙ্গলবার সকালে স্কুলে আসেন স্কুলের শিক্ষকরা। তখনই তাঁরা লক্ষ্য করেন, স্কুলের অফিস ঘর খোলা। কিন্তু এত সকালে কেউ স্কুল এসে অফিস ঘর খোলে না। কৌতুহল নিয়ে দরজার কাছাকাছি যেতেই দেখা যায়, তালা রাখার জায়গাটা ভাঙা। দুষ্কৃতীরা তালা না ভাঙতে পেরে তালা লাগানোর লোহার করাটি ভেঙে ফেলে। শিক্ষকরা ভিতরে প্রবেশ করতেই দেখেন স্কুলের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার কিছুই নেই। ততক্ষণে প্রধান শিক্ষকও স্কুলে চলে এসেছেন। বিষয়টি দেখে তিনিও স্তম্ভিত। প্রধান শিক্ষক জয়ন্তকুমার রায়ের বক্তব্য, রাস্তার একদম পাশেই আমাদের স্কুল। কিন্তু চুরির ঘটনা ঘটবে ভাবতে পারিনি। এহেনও ঘটনা দেখে আমি স্তম্ভিত। তিনি জানিয়েছেন, স্কুলের নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস দুষ্কৃতীরা নিয়ে গিয়েছে। আমরা মোথাবাড়ি থানায় লিখিতভাবে বিষয়টি জানিয়েছি।
Advertisement
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলামের বক্তব্য, শিক্ষা প্রাঙ্গণে চুরি, ভাবাই যায় না। এইধরনের ঘটনা আমাদের এলাকায় এর আগে কখনও ঘটেনি। আমরা চাই, পুলিস বিষয়টি তদন্ত করে দুষ্কৃতীদের গ্রেপ্তার করুক। পাশাপাশি যারা এইসব ঘটনার সঙ্গে যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি হোক।
ওই স্কুলের এক শিক্ষকের কথায়, কিছুদিন ধরে দুই তিনজনকে সন্দেহজনকভাবে স্কুলের আশেপাশে ঘুরতে দেখা গিয়েছিল। আজ এধরনের ঘটনা ঘটল। পুলিসকে সবটাই জানিয়েছি।
ওই স্কুলের এক শিক্ষকের কথায়, কিছুদিন ধরে দুই তিনজনকে সন্দেহজনকভাবে স্কুলের আশেপাশে ঘুরতে দেখা গিয়েছিল। আজ এধরনের ঘটনা ঘটল। পুলিসকে সবটাই জানিয়েছি।



