সংবাদদাতা, রাজগঞ্জ: রহস্যজনকভাবে পথ দুর্ঘটনায় মৃত্যু এক স্কুল শিক্ষকের। যদিও অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। পুলিস জানিয়েছে, মৃত যুবকের নাম বিকাশ সোনার(৩০)। তিনি রাজগঞ্জের সুভাষপল্লির বাসিন্দা। বিকাশ প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন।
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে খবর, গত মঙ্গলবার সন্ধ্যায় ফাটাপুকুর থেকে রাজগঞ্জে বাড়ি ফেরার সময় যুবক বাইক দুর্ঘটনার শিকার হন। সেখান থেকে গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুদিন চিকিৎসা হওয়ার পর বৃহস্পতিবার যুবকের মৃত্যু হয়। আপাতদৃষ্টিতে বাইক দুর্ঘটনা মনে হলেও পরিবারের দাবি, এই মৃত্যুর পিছনে অন্য কারণ রয়েছে। তাঁদের বক্তব্য, দুর্ঘটনা হলেও বাইকে কোনও আঘাতের চিহ্ন নেই। অথচ শরীরে একাধিক জায়গায় আঘাত। মাথা ও পাজর ভাঙা। কেউ পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন মৃতের পরিবারের সদস্যরা। ঘটনার তদন্তে নেমেছে রাজগঞ্জ থানার পুলিস।



