নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জেলায় প্রাথমিকে ৮৯৩ জন প্রধান শিক্ষক নিয়োগ হতে চলেছে। সোমবার থেকে শুরু হচ্ছে কাউন্সেলিং। চারদিন ধরে কাউন্সেলিং চলবে। নিয়োগপত্র দেওয়া হবে শুক্রবার। জলপাইগুড়ি জেলায় প্রাথমিক স্কুলের সংখ্যা ১২০৮টি। জেলায় প্রাথমিক শিক্ষা সংসদের মোট সার্কেল ১৮টি। এরমধ্যে সবচেয়ে বেশি প্রধান শিক্ষক নিয়োগ হতে চলেছে মেটেলি ব্লকে ৭৯ জন। জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান লৈক্ষ্যমোহন রায় বলেন, কাউন্সেলিংয়ে সিনিয়রিটির ভিত্তিতে স্কুল পছন্দ করার সুযোগ পাবেন শিক্ষকরা।
Advertisement
২০১২ সালে শেষবার জলপাইগুড়ি জেলায় প্রাইমারিতে প্রধান শিক্ষক নিয়োগ হয়েছিল। এক যুগ পর ফের জেলায় প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগ হতে চলায় খুশির হাওয়া শিক্ষামহলে। চলতি বছরের শুরুতে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও লোকসভা নির্বাচনের কারণে তা স্থগিত হয়ে যায়। কিন্তু স্ক্রুটিনি শেষ করে প্যানেল চূড়ান্ত করতে বছর শেষ হয়ে গেল। বিভিন্ন জেলায় প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ আগেই শেষ হয়ে গিয়েছে। তবে দেরিতে হলেও এই প্রক্রিয়া শেষ করে আনতে পারায় খুশি জেলা প্রাথমিক শিক্ষা সংসদ।



